ইয়াবাসহ দুই যুবদল নেতা গ্রেপ্তার
ঝালকাঠির রাজাপুরে ইয়াবাসহ যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন রাজাপুর উপজেলার ২ নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়া এলাকার বাবুল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৩১)। তিনি রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। অপরজন ৭ নম্বর ওয়ার্ডের মনোহরপুর এলাকার আব্দুল শুক্কুর হাওলাদারের ছেলে কামাল হোসেন নয়ন (৩৩)। তিনি ঝালকাঠি জেলা যুবদলের সদস্য।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মনোহরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাসেল হাওলাদার ও কামাল হোসেন নয়নকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠি জেলা যুবদলের সদস্য আনিচুর রহমান খান বলেন, এ বিষয়ে রাজাপুর উপজেলা যুবদল থেকে মেসেজ দিয়ে জানিয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1791288178.jpg)