মধ্যবর্তী নির্বাচনের আগে তলানিতে ট্রাম্পের জনপ্রিয়তা
আন্তর্জাতিক ডেস্ক : নভেম্বরের অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড নিচে নেমে গেছে। একই সঙ্গে ল্যাটিন আমেরিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিক বা হিস্পানিক ভোটারদের মধ্যেও তার প্রতি সমর্থন কমেছে। সর্বশেষ সোমবার শেষ হওয়া রয়টার্স-ইপসস জরিপে এমন চিত্র উঠে এসেছে। মধ্যবর্তী নির্বাচনের আগে এই পরিস্থিতি রিপাবলিকান পার্টির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
ছয় দিন ধরে চালানো এ জরিপে ৩২ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে কাজের প্রতি সমর্থন জানিয়েছেন। সেপ্টেম্বরের জরিপেও একই হার ছিল। সেটিই ছিল ট্রাম্পের রাজনৈতিক জীবনে সর্বনিম্ন জনপ্রিয়তার হার। হিস্পানিক ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন আরও কম। মাত্র ২৪ শতাংশ হিস্পানিক মার্কিন নাগরিক তার কাজের সন্তুষ্ট। ট্রাম্পের দুই মেয়াদের কোনো সময়েই এই হার এত কম ছিল না। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হিস্পানিক ভোটের প্রায় অর্ধেক পেয়েছিলেন। ২০২০ সালে এ ভোটের প্রায় এক-তৃতীয়াংশ পেয়েছিলেন তিনি। তবে সাম্প্রতিক মাসগুলোয় তার প্রতি সমর্থন কমেছে। জরিপে জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতিকে ভোটারদের প্রধান দুশ্চিন্তা হিসেবে পাওয়া গেছে।
মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নিবন্ধিত ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন ৪৪ শতাংশ। রিপাবলিকানদের প্রতি ৩৭ শতাংশ। স্বতন্ত্র ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা ৩৭ শতাংশ সমর্থন পেয়েছে। রিপাবলিকানদের সমর্থন ২১ শতাংশ। স্বতন্ত্র ভোটারদের ২৮ শতাংশ এখনো সিদ্ধান্ত নেননি। হিস্পানিক নিবন্ধিত ভোটারদের মধ্যে ৫২ শতাংশ ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। রিপাবলিকানদের পক্ষে যেতে চান ২৬ শতাংশ। দল দুটির মধ্যে ব্যবধান ২৬ শতাংশ।
আরও পড়ুনআগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে। রিপাবলিকানরা নির্বাচনে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। জরিপে দেখা গেছে, ভোটারদের সিদ্ধান্তে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইরানের সঙ্গে যুদ্ধের পর জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ভোক্তা মূল্যস্ফীতিও বেড়েছে। ফলে অর্থনৈতিক চাপ ভোটারদের মনোভাবেও প্রভাব ফেলছে। বয়স্ক ভোটারদের মধ্যেও রিপাবলিকানদের আগের সুবিধা কমেছে। ৫০ বছর ও তার বেশি বয়সী ভোটারদের মধ্যে রিপাবলিকানদের প্রতি সমর্থন ৪৪ শতাংশ, ডেমোক্র্যাটদের ৪২ শতাংশ। গত ডিসেম্বরে রিপাবলিকানরা ৮ শতাংশ ব্যবধানে এগিয়ে ছিলেন। এদিকে, ৫০ বছরের কম বয়সী ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটরা ১৮ শতাংশ ব্যবধানে এগিয়ে।
রয়টার্স-ইপসসের এ জরিপটি ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে যুক্তরাষ্ট্রজুড়ে চালানো হয়েছে। এতে ৪ হাজার ৫০৬ জন প্রাপ্তবয়স্ক অংশ নিয়েছেন। পুরো নমুনার ক্ষেত্রে জরিপের ত্রুটিসীমা প্রায় ১ দশমিক ৫ শতাংশ। সূত্র : রয়টার্স
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1791273312.jpg)
_medium_1791272866.jpg)
_medium_1791269497.jpg)
_medium_1791269062.jpg)
_medium_1791261457.jpg)

_medium_1791273765.jpg)