ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬ ১২:৫৭ পিএম

গাজায় হামলা চালিয়ে সাংবাদিকসহ আটজনকে হত্যা করল ইসরায়েল

গাজায় হামলা চালিয়ে সাংবাদিকসহ আটজনকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় প্রায় এক বছর ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেও দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বুধবার এসব হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জারও রয়েছেন।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, বুধবার আল-নাজ্জার নিহত হন। তবে কোথায় এবং কীভাবে তিনি নিহত হয়েছেন, তা জানানো হয়নি। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬৩ জন হয়েছে বলে জানিয়েছে কার্যালয়টি।

এদিকে গাজা সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাল আল-হাওয়া এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানে ইসরায়েলি ড্রোন হামলায় ছয়জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসাসূত্র এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তাদের কর্মীরা আহত ১৩ জনকে আল-কুদস হাসপাতালে নিয়ে গেছেন। চিকিৎসাসূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছে, আহতদের অবস্থা সংকটাপন্ন।

গাজার স্বাস্থ্যব্যবস্থা দীর্ঘদিনের ইসরায়েলি হামলা ও অবরোধে বিপর্যস্ত হওয়ায় আহতদের জীবন বাঁচানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন আল-জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি। তিনি বলেন, ওই হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এর আগে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছিল, গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় অন্তত এক নারী নিহত হয়েছেন। দক্ষিণ গাজায় বাস্তুচ্যুতদের একটি আশ্রয়কেন্দ্রে ইসরাইলি ড্রোন হামলায় দুই শিশুসহ চার ফিলিস্তিনি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে ওয়াফা। এ ছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহর দক্ষিণ-পূর্বে ইসরায়েলি বাহিনীর হামলায় আরো দুই ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসেও ইসরাইয়েলি ট্যাংকের গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার সকালে জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ভূখণ্ডটির বিভিন্ন হাসপাতালে অন্তত ৯ জনের লাশ এসেছে। তাদের মধ্যে আটজন বুধবারের হামলায় নিহত হয়েছেন। আর একজন আগে আহত হয়েছিলেন এবং পরে মারা যান। মন্ত্রণালয়ের হিসাবে, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৪৩১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন অন্তত ৫ হাজার ২৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ৩১ জন।

আল-জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি বলেন, গাজায় যুদ্ধবিরতির কথা থাকলেও ইসরায়েলি বাহিনীর সহিংসতা থামছে না। প্রতিদিনই ফিলিস্তিনিরা নিহত ও আহত হচ্ছেন। একই সঙ্গে মানবিক পরিস্থিতিরও অবনতি হচ্ছে। গাজার বাসিন্দারা স্বাভাবিক জীবনযাপন নিয়েও আতঙ্কে রয়েছেন বলে জানান তিনি। তার ভাষ্য, মানুষ বাজারে যেতে, সন্তানদের স্কুলে নিয়ে যেতে কিংবা দৈনন্দিন কাজ করতেও ভয় পাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় হামলা চালিয়ে সাংবাদিকসহ আটজনকে হত্যা করল ইসরায়েল

১

বাংলা কিউআরে লেনদেনে কোনো চার্জ লাগবে না : অর্থমন্ত্রী

২

ম্যাচ হেরেও ঔদ্ধত্যপূর্ণ অজুহাত লিটনের

৩

ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ রুবিওর

৪

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩

৫

ন্যাটোর সঙ্গে উত্তেজনা, পরমাণু হামলার হুমকি রাশিয়ার

৬