নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সংক্ষিপ্ত সফরে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি গেছেন। সফরটি গোপনে সম্পন্ন হয় এবং গণমাধ্যমের নজর এড়িয়ে তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। কোনো আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই তিনি দেশে ফিরে যান।
সফর শেষ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর নেতানিয়াহুর কার্যালয় থেকে এই গোপন বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
যদিও এটি কোনো পূর্বঘোষিত কর্মসূচি ছিল না, তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর নেতানিয়াহুর কার্যালয় জানায়, এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক অভিন্ন নানা স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
এই বার্তা এমন এক সময়ে এলো, যখন নেতানিয়াহুর কার্যালয় অ্যাসোসিয়েটেড প্রেস এবং হারেৎজ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের দাবি প্রত্যাখ্যান করে।
ওই প্রতিবেদনে সফরটির আরেকটি উদ্দেশ্যের কথা বলা হয়েছিল। সেটি ছিল এমন একটি বর্ণনার বিরুদ্ধে আমিরাতের পক্ষ থেকে অস্বীকৃতি আদায়ের চেষ্টা, যেখানে বলা হয় যে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার প্রায় দেড় সপ্তাহ আগে বিন জায়েদ হামাসের আসন্ন হামলার বিষয়ে সতর্ক করেছিলেন নেতানিয়াহুকে।
ফলে আলোচনা সরে গিয়ে সফরের কারণ এবং এর সময়ের গুরুত্ব নিয়ে প্রশ্ন সামনে আসছে।
২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা সম্পর্কিত সাম্প্রতিক তথ্যফাঁস, নেতানিয়াহু ও বিন জায়েদের সম্পর্কের শীতলতা এবং তা মেরামতের প্রচেষ্টা, ইসরায়েলের আসন্ন নির্বাচন, এবং আঞ্চলিক হিসাব-নিকাশের কেন্দ্রে ইরানের পুনরুত্থানের প্রেক্ষাপটে এই সফরটি অনুষ্ঠিত হলো।
কেন আমিরাতের প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর বৈঠক?
সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত কর্নেল ড. জ্যাক নেরিয়ার মতে, বৈঠকের পটভূমি না বুঝলে এই সফরের তাৎপর্য পুরোপুরি বোঝা সম্ভব নয়।
নেরিয়া বলেন, তার বিশ্বাস নেতানিয়াহুর মূল লক্ষ্য ছিল শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করা, যা কথিত একটি ফোনকলকে ঘিরে বিরোধের পর টানাপোড়েনের মধ্যে পড়ে।
নেরিয়ার মতে, নেতানিয়াহুর প্রকাশ্য অস্বীকৃতি দুই পক্ষের সম্পর্ককে একটি সংকটজনক পর্যায়ে নিয়ে যায়। বিশেষ করে আমিরাতি সূত্রগুলোর এই দাবির প্রেক্ষাপটে যে সংযুক্ত আরব আমিরাত হামাসের সম্ভাব্য একটি অভিযানের বিষয়ে আগাম সতর্কবার্তা দিয়েছিল।
অবসরপ্রাপ্ত কর্নেল ড. জ্যাক নেরিয়ার মতে, এই বৈঠক দুই নেতাকে সংবেদনশীল বিষয়টি নিয়ে সরাসরি আলোচনা করার সুযোগ দিয়েছে, যাতে ভুল বোঝাবুঝি এবং সম্ভাব্য নেতিবাচক প্রভাব কমানো যায়।
আরও পড়ুনবৈঠকের পর হারেৎজ যে প্রতিবেদন প্রকাশ করে, তাও এই বিশ্লেষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সংবাদপত্রটির মতে, বৈঠকে নেতানিয়াহু শেখ মোহাম্মদ বিন জায়েদকে অনুরোধ করেছিলেন, ৭ অক্টোবরের আগে ইসরায়েলি নেতৃত্বকে সতর্ক করা হয়েছিল বলে যে বর্ণনা প্রচারিত হয়েছে, তা খণ্ডন করতে। অন্যান্য কয়েকটি গণমাধ্যমেও একই ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গোপন বৈঠকের খবর ফাঁস হলো কেন?
এখানেই গল্পটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসে। সফরটি গণমাধ্যমের নজরের বাইরে আয়োজন করা হয়েছিল এবং ইসরায়েলি প্রতিবেদনের মতে, প্রতিনিধি দল ইসরায়েলে ফেরার পর এটি ঘোষণা করার পরিকল্পনা ছিল। একই সঙ্গে দুই পক্ষের একটি যৌথ ও সমন্বিত বিবৃতি দেওয়ার কথাও ছিল।
তবে নেতানিয়াহুর ফেরার আগেই সফরের খবর প্রকাশ্যে আসে।
বিশ্লেষক নেরিয়ার মতে, এতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে– এই সফরের খবর প্রকাশ পাওয়া রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্বার্থে ছিল কি না।
তিনি বলেন, নেতানিয়াহু বা তার ঘনিষ্ঠ সহযোগীদের অজ্ঞাতে এ ধরনের সংবেদনশীল সফরের তথ্য ফাঁস হওয়া সম্ভব বলে তিনি মনে করেন না।
নেরিয়ার দৃষ্টিতে, সফরটি প্রকাশ্যে আসায় নেতানিয়াহু এই ধারণা দেওয়ার সুযোগ পেয়েছেন যে সাম্প্রতিক মতপার্থক্য ও বিরোধ সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত এবং শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে তার সম্পর্ক অটুট রয়েছে এবং দুই পক্ষের যোগাযোগ ও কূটনৈতিক সম্পর্ক বন্ধ হয়ে যায়নি।
তবে এটি নেরিয়ার বিশ্লেষণ এবং নেতানিয়াহু নিজে সফরের তথ্য ফাঁস করার নির্দেশ দিয়েছিলেন বলে কোনো প্রকাশ্য প্রমাণ নেই। তা সত্ত্বেও, খবর প্রকাশের রাজনৈতিক সময়টি উল্লেখযোগ্য।
ইসরায়েলের নির্বাচন নির্ধারিত হয়েছে ২৭শে অক্টোবর এবং নেতানিয়াহু এমন এক সময়ে প্রচারণা চালাচ্ছেন, যখন ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামলা-সংক্রান্ত রাজনৈতিক ও নিরাপত্তাগত দায়বদ্ধতা নিয়ে দেশে অবিরাম বিতর্ক চলছে।
নেরিয়ার বিশ্লেষণ অনুযায়ী, অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ আরব নেতা শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা একজন প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে তার জন্য উল্লেখযোগ্য রাজনৈতিক সুবিধাও এনে দিতে পারে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক


_medium_1790670114.jpg)
_medium_1790665718.jpg)
_medium_1790664000.jpg)
_medium_1790660455.jpg)
_medium_1790678416.jpg)
