ফ্যাসিস্টরা অর্থ লুট করে নিয়ে যাওয়ায় আজ বিদ্যুতের এই অবস্থা : প্রতিমন্ত্রী আব্দুল বারী
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার অর্থ হরিলুট করে নিয়ে যাওয়ার কারণে আজ দেশে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার অক্লান্ত পরিশ্রমে তা মোকাবেলা করছেন। দেশের উন্নয়ন অব্যাহত রেখেছেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে এসব মোকাবেলা করছেন। সারাদেশে বিএনপির নেতাকর্মীদের জোটবদ্ধ হয়ে কাজ করতে নির্দেশও দিয়েছেন।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কালাই উপজেলা পরিষদ চত্বরে আয় বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের মাঝে গরু বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গরু পালনের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের পরিবারের আয় বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। মূলত কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত বিধবা এবং স্বামী পরিত্যক্ত নারীদের আর্থিক সক্ষমতা বাড়িয়ে তাদের জীবনযাত্রার মান উন্নত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত ১৭ বছর যখন লন্ডনে ছিলেন, তখন রাস্তায় দাঁড়িয়ে স্কুলগামী শিক্ষার্থীদের পোশাক ও পরিচ্ছন্নতার দিকে তাকিয়ে দেখতেন। তারই ধারাবাহিকতায় আজ সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পোশাক, স্কুল ব্যাগ ও দুপুরের খাবারের ব্যবস্থা করেছেন। কৃষকদের জন্য কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর জন্য কাজ করছেন। পাশাপশি মসজিদের ইমাম-মুয়াজিম্মদের ভাতা চালু করেছেন।
আরও পড়ুনসমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এবং বেসরকারি সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস) এর বাস্তবায়নে কালাই উপজেলার ১১৫জন উপকারভোগীর মাঝে এসব গরু হস্তান্তর করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব ও এসডিএস এর উপদেষ্টা একেএম মাসুদুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক মো. ইব্রাহিম হোসেন মন্ডল, যুগ্ম আহবায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, এসডিএস সংস্থার নির্বাহী পরিচালক মোছা. আয়েশা আক্তারসহ অন্যান্যরা।
এরআগে প্রতিমন্ত্রী কালাই পৌরসভার উদ্যেগে আঁওড়া-মোসলেমগঞ্জ সড়কে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। তিনি কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর সদরে স্থাপিত ডিজিটাল ল্যাব নাগরিক সেবা ও অনলাইন কার্যক্রমের উদ্বোধন করেন।
মন্তব্য করুন








