৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নেবে ৫ হাজার চিকিৎসক
৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এ বিশেষ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (স্বাস্থ্য) ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জনকে সহকারী সার্জন এবং ৩০০ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিপিএসসি এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী সার্জন পদে আবেদনের জন্য প্রার্থীদের এমবিবিএস বা সমমানের ডিগ্রি এবং সহকারী ডেন্টাল সার্জন পদের জন্য বিডিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বিদেশি ডিগ্রি বা ভিন্ন নামের ডিগ্রিকে সমমান দাবি করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইকুইভ্যালেন্স সনদ দাখিল করতে হবে।
৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা। তবে নির্ধারিত সময়ের মধ্যে ‘ইউজার আইডি’ পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বাংলাদেশের নাগরিকরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিঙ্গ নির্বিশেষে যোগ্য সব বাংলাদেশি নাগরিকের জন্য পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে।
এদিকে, এমবিবিএস বা সমমান এবং বিডিএস বা সমমানের পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও নির্দিষ্ট শর্তে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট ডিগ্রির সব লিখিত পরীক্ষা শেষ হতে হবে। পরবর্তী সময়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিগ্রি অর্জন করতে হবে। কোনো লিখিত পরীক্ষায় অকৃতকার্য হলে বা অন্য কোনো কারণে ডিগ্রি অর্জন করতে না পারলে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।
আরও পড়ুনবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসর, মৃত্যু, পদত্যাগ বা অপসারণসহ বিভিন্ন কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।
সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত যোগ্য প্রার্থীরাও নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।
অনলাইনে আবেদন করতে প্রার্থীদের বিপিএসসির ওয়েবসাইট বা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে। আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা ভালোভাবে পড়ে ফরম পূরণ ও ফি জমাদানের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1790247072.jpg)
_medium_1790246328.jpg)
