ভিডিও বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০১:১৬ পিএম

সৌদিতে হুতিদের হামলা : ইরানকে সতর্ক করল পাকিস্তান

সৌদিতে হুতিদের হামলা : ইরানকে সতর্ক করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ওপর ইয়েমেনের হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করেছে পাকিস্তান। সৌদি আরব, পাকিস্তান ও ইরানের কয়েকটি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।

হুতিরা মঙ্গলবার সৌদি আরবের খামিস মুশাইত এলাকায় একটি বিমানঘাঁটি ও আশপাশের শহরগুলোর তেল অবকাঠামোয় হামলা চালায়। এতে ৭৩ জন আহত হন। ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর সৌদি আরবে এটি হুতিদের সবচেয়ে বড় হামলাগুলোর একটি। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার বলেছেন, গত ১২ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি যুদ্ধবিমান ৫৪টি বিমান হামলা চালিয়েছে। তিনি হুঁশিয়ার করে বলেছেন, এসব হামলার ‘জবাব দেওয়া হবে এবং এর শাস্তিও দেওয়া হবে’।

সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি রয়েছে। তুরস্কও এই নিরাপত্তা ব্যবস্থার অংশ। তাই ইরানের প্রতি পাকিস্তানের সতর্কবার্তা গুরুত্ব পাচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সৌদি আরবের ওপর হামলা হলে রিয়াদ, আঙ্কারা ও ইসলামাবাদের যৌথ নিরাপত্তাব্যবস্থা কার্যকর হতে পারে। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেছেন, ‘একটি দেশের ওপর হামলাকে তিনটি দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।’ তিনি আরও বলেছেন, ‘কোনো উসকানি ছাড়া হামলা বা সংঘাত সৌদি আরবে ছড়িয়ে পড়লে এই চুক্তি অবশ্যই কার্যকর হবে।’

তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক বাহিনী এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। শেষ ২৪ ঘণ্টায় পাকিস্তান ইরানকে হুতিদের হামলা বন্ধ করতে প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছে বলে দাবি করেছেন এক আঞ্চলিক কূটনীতিক। তিনি বলেছেন, সংঘাত আরও ছড়িয়ে পড়ার আগেই হুতিদের থামাতে চাইছে ইসলামাবাদ।

আরও পড়ুন

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মঙ্গলবার পাকিস্তান তেহরানকে এই বার্তা দিয়েছে। তবে ইরানের জবাব ছিল, ‘ইরান হুতিদের নিয়ন্ত্রণ করে না।’ তবে ইরানের দুটি সূত্র ভিন্ন দাবি করেছে। তারা বলেছে, গত সপ্তাহে তেহরান হুতিদের সৌদি আরবে হামলা চালাতে বলেছিল। এ জন্য অতিরিক্ত অর্থ ও অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কয়েকজন কমান্ডার ইয়েমেনে গিয়ে হামলার সমন্বয়েও সহায়তা করেছেন বলে সূত্রগুলো জানিয়েছে।

ওই কূটনীতিক বলেছেন, হুতিদের থামাতে এখনো কূটনৈতিক পথেই এগোতে চাইছে পাকিস্তান। তিনি আশা করছেন, পরিস্থিতি এমন পর্যায়ে যাবে না, যখন সৌদি আরবকে রক্ষায় পাকিস্তানকে সরাসরি সামরিকভাবে নামতে হবে। পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে, সৌদি কর্মকর্তারা রিয়াদে পাকিস্তান ও তুরস্কের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে। তিন দেশ একমত হয়েছে, তাদের সেনারা ইয়েমেনে প্রবেশ করবে না। প্রয়োজনে সৌদি আরবের ভূখণ্ড থেকেই জবাব দেওয়া হবে। সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে হুতিদের হামলা : ইরানকে সতর্ক করল পাকিস্তান

পুলিশের ঊর্ধ্বতন সাত কর্মকর্তার বদলি ও পদায়ন

সৌদি আরবে আবারও বড় ধরনের হামলা হুথিদের

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট ২৯ অক্টোবর

নিয়ন্ত্রণে রাজধানীর এপেক্স ভবনের আগুন

ইরানের হামলায় জর্ডানের মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত