গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযানের সময় ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা হামলার শিকার হয়েছেন। অভিযানে করতোয়া নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংসের সময় বালুদস্যু সিন্ডিকেটের সদস্যরা ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলা করে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খানসহ অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে তাদের উদ্ধার করেন। গতকাল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা। সর্বশেষ তথ্য অনুযায়ী এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা ৩টার দিকে উপজেলার ফুলবাড়ি ও দরবস্ত ইউনিয়নের কাটাখালি, হাতিয়াদহ, শাকপালা, বিশ্বনাথপুর ও চকরহিমাপুর এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
আরও পড়ুনএসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি মেশিন ধ্বংস করা হয়। অভিযানকালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্বনাথপুর এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন ধ্বংসের সময় বাঁধের ওপর থেকে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানাসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর ঢিল ও গাছের ডাল নিক্ষেপ করে বালুদস্যুরা। এসময় হামলায় রাজু শেখ নামে এক শ্রমিক গুরুতর আহত হন।
পরে এসিল্যান্ড তামশিদ ইরাম খানসহ পুলিশ ফোর্স গিয়ে তাদের উদ্ধার করেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে উদ্ধার করে নিয়ে আসে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন







