বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন ৩ জনের দেড় লাখ টাকা জরিমানা
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দির যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে আটক করে তাদের নিকট থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বিকালে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের মানিকদাইড় গ্রামের পশ্চিম পাশে থেকে গত কয়েকদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলন করছিল কতিপয় ব্যক্তি। গতকাল সোমবার বিকালে সেখানে অভিযান পরিচালনা করে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন।
অভিযান পরিচালনা করে সেখানে হাতেনাতে ৩ জনকে আটক করা হয়। তারা হলো, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার লাঠুয়াপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সুজন আলী (৪০), একই গ্রামের শুক্কুর আলীর ছেলে রবিউল ইসলাম (৪৫) এবং সারিয়াকান্দি উপজেলার পৌর এলাকার কালিতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে সুজন মিয়া (৩৭)। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের প্রত্যেকের নিকট থেকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
আরও পড়ুনসারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়েছে এবং হাতেনাতে ৩ জনকে আটক করা হয়েছে। পরে মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার যেখানেই অবৈধভাবে বালু উত্তোলন করা হবে সেখানেই অভিযান পরিচালনা করা হবে।
মন্তব্য করুন








