ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৭ পিএম

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজআন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

আজ ৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

এ বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। এবারের প্রতিপাদ্য—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’।

এ প্রতিপাদ্যে সাক্ষরতাকে শুধু পড়তে, লিখতে ও গণনা করতে পারার মৌলিক সক্ষমতা হিসেবে না দেখে মানুষের সামগ্রিক উন্নয়ন, পরিবেশের প্রতি দায়িত্বশীলতা এবং টেকসই অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষরতা বিস্তারে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে এখনও দেশের একটি বড় জনগোষ্ঠী কাঙ্ক্ষিত শিক্ষা ও দক্ষতার সুযোগ থেকে বঞ্চিত।

বিশেষ করে বিদ্যালয়বহির্ভূত ও ঝরে পড়া শিশু-কিশোর, প্রান্তিক জনগোষ্ঠী এবং শিক্ষাবঞ্চিত প্রাপ্তবয়স্ক নারী-পুরুষকে শুধু বর্ণমালা চেনার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রয়োগিক সাক্ষরতা, প্রযুক্তিগত দক্ষতা ও প্রাক-বৃত্তিমূলক শিক্ষার আওতায় আনা এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।

বাংলাদেশের সংবিধানের ১৭ অনুচ্ছেদে সর্বজনীন, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা এবং নিরক্ষরতা দূরীকরণকে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নে প্রাথমিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা, বয়স্ক শিক্ষা, জীবনদক্ষতা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

আরও পড়ুন

দিবসটি উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় ও মাঠপর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই) মিলনায়তনে আলোচনা সভা ও ‘উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান’ অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। অনুষ্ঠানে বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধিরাও বক্তব্য দেবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার। স্বাগত বক্তব্য দেবেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মনোয়ারা ইশরাত। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

জাতীয় পর্যায়ের পাশাপাশি দেশব্যাপীও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রতিটি জেলায় জেলা প্রশাসকের (ডিসি) সমন্বয়ে আলোচনা সভা ও দিবসটি পালনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়েও আলোচনা সভা, র‌্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও এনজিও নিজস্ব উদ্যোগে দিবসটি পালন করবে।

বিশ্বব্যাপী সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং নিরক্ষরতার বিরুদ্ধে চলমান লড়াইকে আরও জোরদার করতে ১৯৬৭ সালে ৮ সেপ্টেম্বরকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো।

এরপর থেকে প্রতিবছর দিনটি পালিত হয়ে আসছে। বিশ্বজুড়ে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা এবং এখনও নিরক্ষরতার সঙ্গে লড়াই করে যাওয়া মানুষের শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

নেপালের বন্যার্তদের স্মরণে চ্যাম্পিয়নস লিগে নীরবতা

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার

বগুড়ায় মামলা প্রত্যাহারের দাবিতে মাদককারবারিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

‘মৃত্যু ছাড়া নির্বাচন থেকে সরানো যাবে না’, বলার কয়েক ঘণ্টা পরই মৃত্যু