দুদককে আবার বিরোধী দল দমনের হাতিয়ার করার অপচেষ্টা চলছে: এনসিপি
সাত মাস পর নতুন কমিশন গঠনের পরই দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভূমিকা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, বিরোধী দল দমনে দুদককে ব্যবহারের পুরোনো প্রবণতা আবারও ফিরে আসছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বর্তমান দুদক কমিশন নিয়ে এসব অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতে, আপিল বিভাগের একজন সাবেক বিচারপতিকে দুদকের চেয়ারম্যান নিয়োগ সংবিধানের ৯৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। তাই বর্তমান কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেছে দলটি।
এনসিপির অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত দুদক-সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে কমিশনকে আগের কাঠামোয় ফিরিয়ে নেওয়া হয়েছে। এতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং জুলাই সনদে বর্ণিত স্বচ্ছতা ও জবাবদিহির নীতির সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে দলটি।
এনসিপি আরও বলেছে, গত সাত মাসে ক্ষমতাসীন দলের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে সরকারি কাজে প্রভাব বিস্তার ও জনগণের অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ উঠলেও দুদক কার্যকর ভূমিকা নেয়নি। এতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি দলটির। বিরোধী দলগুলো যখন জনগণের মৌলিক অধিকার ও রাষ্ট্র সংস্কারের দাবিতে মাঠে নামছে, তখন রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে দুদক ব্যবহারের চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুনবিবৃতিতে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের বিষয়টিও তুলে ধরা হয়। এনসিপির দাবি, অনুসন্ধান শুরুর আগেই দুদকের মুখপাত্র সংবাদ সম্মেলনে প্রাথমিক তদন্তে ‘দুর্নীতির সত্যতা’ পাওয়ার কথা বলেন। পরে সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই কর্মকর্তা ‘প্রাথমিক সত্যতা’ শব্দটি ব্যবহার না করার অনুরোধ করেন।
একই বিষয়ে প্রকাশ্যে এক ধরনের বক্তব্য এবং পরে গণমাধ্যমকর্মীদের কাছে ভিন্ন ব্যাখ্যা দেওয়ায় দুদকের বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করছে এনসিপি। দলটির মতে, তদন্ত শুরুর আগেই কোনো অভিযোগের সত্যতা নিয়ে বক্তব্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত নিয়েও প্রশ্ন তৈরি হয়।
বর্তমান দুদক কমিশন বাতিল করে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছে এনসিপি। নিরপেক্ষ, স্বচ্ছ ও যোগ্য ব্যক্তিদের নিয়ে স্বাধীন দুদক গঠন এবং সরকারের ভেতরে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে দলটি।
এনসিপির নেতারা বলেন, দুদকের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কোনো রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহার জনগণ মেনে নেবে না। বর্তমান কমিশনের নিয়োগ বাতিল করে স্বাধীন প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








