ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৯ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে মজুত রাখা ২০৯ বস্তা সার জব্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মজুত রাখা ২০৯ বস্তা সার জব্দ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকদের কাছে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে নিয়মবহির্ভূতভাবে মজুত করে রাখা ২০৯ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা সারের সরকারি মূল্য ২ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা। এ ঘটনায় ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ আগস্ট) রাতে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের শোভাগঞ্জ বাজারে ‘মেসার্স আজাহার আলী’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি।অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী, পুলিশের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষকদের কাছে চড়া দামে বিক্রি এবং কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে নিয়মবহির্ভূতভাবে সার মজুত করার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে ১০২ বস্তা ইউরিয়া ও ১০৭ বস্তা এমওপি সার পাওয়া যায়। জব্দ করা মোট ২০৯ বস্তা সারের সরকারি মূল্য ২ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা।

আরও পড়ুন

পরে নিয়মবহির্ভূতভাবে সার মজুতের দায়ে প্রতিষ্ঠানের মালিক শাহজাহান মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে এসব সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হবে।

সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০২ বস্তা ইউরিয়া ও ১০৭ বস্তা এমওপি সার জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন জব্দ করা সার আমার জিম্মায় রেখেছে। পরবর্তীতে এসব সার সরকারি মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হবে। বিক্রির সম্পূর্ণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বলেন, নিয়মবহির্ভূতভাবে সার মজুত করে চড়া দামে বিক্রি ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ২০৯ বস্তা সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি আরও বলেন, সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা চড়া দামে বিক্রির মাধ্যমে কৃষকদের ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ দেওয়া হবে না। কৃষকদের স্বার্থে নিয়মিতভাবে বাজার ও সার বিক্রয়কেন্দ্রে অভিযান পরিচালনা করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে মজুত রাখা ২০৯ বস্তা সার জব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত 

৩ মাসের নিষেধাজ্ঞা শেষ: আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সুন্দরবন

বিশ্ব চিঠি দিবস আজ

তুমি চিরন্তন, ইতিহাসের সর্বকালের সর্বসেরা

নেপালে আকস্মিক বন্যায়র নিহতের সংখ্যা বেড়ে ৯৫৫