মা হত্যার ১৭ ঘণ্টার মধ্যে ছেলে গ্রেপ্তার
যশোরে মাকে হত্যার অভিযোগে মামুনুর রশিদ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের মাত্র ১৭ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) পিবিআই সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। নিহত আনোয়ারা খাতুন (৬৫) যশোর কোতোয়ালি থানার বাজেদুর্গাপুর এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আলতাফ হোসেনের স্ত্রী ও গৃহিণী ছিলেন।
পিবিআই জানায়, ২৭ আগস্ট বিকেল ৪টার দিকে মামুনুর রশিদ বাড়িতে এসে মায়ের কাছে গোসলের গামছা চান। এ সময় তার আগের দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে পাশে থাকা তরকারি কাটার বটি দিয়ে মায়ের ওপর হামলা করেন তিনি। আনোয়ারা মাটিতে পড়ে গেলে তাকে আরও আঘাত করে পালিয়ে যান মামুনুর।
এ ঘটনায় নিহতের অপর ছেলে মঞ্জুর হাসান বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে পিবিআই যশোর জেলা স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটির তদন্তভার নেয়। এসআই (নিঃ) রতন মিয়া মামলাটি তদন্ত করছেন।
আরও পড়ুনতদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে মামুনুর রশিদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ২৮ আগস্ট যশোর কোতোয়ালি থানার ৮ নম্বর দেয়াড়া ইউনিয়নের তেঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তদন্তে জানা গেছে, পারিবারিক বনিবনা না হওয়ায় মামুনুর রশিদের প্রথম ও দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এ ঘটনায় তিনি মাকে দায়ী করতেন এবং বিষয়টি নিয়ে মা-ছেলের মধ্যে প্রায়ই বিরোধ হতো। সেই পূর্ববিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পিবিআই।
হত্যার পর মোবাইল ফোন বন্ধ করে মামুনুর রশিদ আত্মগোপনে চলে যান। ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1787991669.jpg)
_medium_1787998750.jpg)
