ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ০২:০৪ পিএম

ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, সে সৎ মানুষ

ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, সে সৎ মানুষ

স্পোর্টস ডেস্ক : তিন বছর ধরে কারাগারে আছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্রিকেটার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইতোমধ্যে একাধিক মামলায় কারাদণ্ড পেয়েছেন তিনি। এবার ইমরান খানের মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন পাকিস্তান কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।

গত ২৪ আগস্ট ইমরান খানের চিকিৎসা ও ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে একযোগে চিঠি লিখেছেন ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। চিঠিটি পাঠানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে। এই চিঠির প্রতি সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সও। এবার ইমরান খানের পাশে দাঁড়ালেন জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের সাংবাদিকদের প্ল্যাটফর্ম ‘ন্যারেটিভস’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কেউ আমাকে এটা বুঝিয়ে বলুন। সে (ইমরান খান) কি পাকিস্তানকে খেয়ে ফেলবে? আমরা সবাই পাকিস্তানি। একসঙ্গে বসে বিষয়টি সমাধান করা উচিত। সমস্যা যা-ই হোক, পাকিস্তানের এখন সেটিই প্রয়োজন। পরিস্থিতিকে অযথা দীর্ঘায়িত করা হচ্ছে, এটা ঠিক নয়।’

খেলোয়াড়ি জীবনে ইমরান খানের সঙ্গে মিয়াঁদাদের কি কোনো বিরোধ বা শত্রুতা ছিল? এমন ধারণা উড়িয়ে দিয়ে ৬৯ বছর বয়সী মিয়াঁদাদ বলেন, ‘কোনো শত্রুতা ছিল না। আমাদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি।’ ইমরানের সঙ্গে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আমরা একসঙ্গে কাউন্টি ক্রিকেটও খেলেছি। ইংল্যান্ডে ছয় মাস একসঙ্গে ছিলাম। পরে পাকিস্তান দলে আমি তাকে অধিনায়কত্বও দিয়েছিলাম। আমাদের সম্পর্ক খুব ভালো ছিল এবং আমরা একসঙ্গে ক্রিকেটের একটি দারুণ সময় কাটিয়েছি।’

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘সেও কারও সন্তান। প্রায়ই আমার মনে হয় বেচারা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে? আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম। একসঙ্গে কাউন্টি ক্রিকেট খেলেছি, সময় কাটিয়েছি এবং একে অপরকে খুব ভালোভাবে বুঝতাম। একসঙ্গে আমরা পাকিস্তানকে অনেক দূর এগিয়ে নিয়েছিলাম।’ অবসর-পরবর্তী সময়ে ইমরান খানের রাজনৈতিক নেতৃত্ব এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরিচালনা নিয়ে মিয়াঁদাদ অতীতে কঠোর সমালোচনা করেছেন। তবে পাকিস্তানের জন্য ইমরানের অবদান যেন ভুলে যাওয়া না হয়, সেই আহ্বান জানান মিয়াঁদাদ।

আরও পড়ুন

তিনি বলেন, ‘যা ভুল, তা ভুলই। অবশ্যই সে একজন জাতীয় বীর। আমি প্রার্থনা করি, এই সমস্যার সমাধান হোক। আমি পাকিস্তান সরকারের কাছেও আবেদন জানাচ্ছি। হয়তো অনেক কিছু বলার অবস্থানে আমি নেই, তবে এটুকু বলতে পারিÑসে আমার সহকর্মী। আমরা অনেক সময় একসঙ্গে কাটিয়েছি এবং একসঙ্গে খেলেছি। আমি ইমরানকে খুব ভালোভাবে চিনি। সে একজন সৎ মানুষ।’ এসময় অশ্রুসিক্ত চোখে মিয়াঁদাদ বলেন, ‘আমার প্রার্থনা হলো, যা সঠিক, তা যেন প্রতিষ্ঠিত হয়। এর বেশি আর কী বলতে পারি? আপনারা আমার চোখে পানি এনে দিয়েছেন। আমি যা বলছি, হৃদয় থেকেই বলছি।’

তিনি আরও বলেন, ‘আমি যদি কিছু করতে পারি, অবশ্যই করবো। আমরা সবাই পাকিস্তানি। আমরা সবাই পাকিস্তানের পতাকা বহন করেছি। অন্য সব মতপার্থক্যের অবসান হওয়া উচিত। দেশপ্রেমের দিক থেকে সে কারও চেয়ে কম নয়। আমরা ক্রিকেট মাঠে লড়েছি। কার জন্য লড়েছি? পাকিস্তানের জন্য, যা হওয়ার হয়েছে। মানুষ মাত্রই ভুল করে। এখন এটাকে শেষ করুন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার ব্যাপারে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত : আইনমন্ত্রী

বুন্দেসলিগায় নয়্যারের অনন্য ইতিহাস, বড় জয় বায়ার্নের

মাগুরায় পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধর

ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, সে সৎ মানুষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী