প্রকাশ : ২৮ আগস্ট, ২০২৬ ০৬:০৪ পিএম
‘গাছ হত্যাকারীদের’ ধরতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় দিলেন ডেপুটি স্পিকার
‘গাছ হত্যাকারীদের’ ধরতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় দিলেন ডেপুটি স্পিকার
নেত্রকোণার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। একইসঙ্গে দুই দিনেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আজ শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার বাবনি এলাকায় উপড়ে ফেলা গাছগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘গাছ শুধু গাছ নয়, এটা একটি জীবন। আমি বলব, এই গাছগুলোকে হত্যা করা হয়েছে। রাতের আঁধারে গাছ উপড়ে ফেলার ঘটনাকে দুঃখজনক ও নিন্দনীয় উল্লেখ করে তিনি বলেন, ‘প্রশাসনের দায়িত্ব ছিল দ্রুত জড়িতদের শনাক্ত করা।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের খুঁজে বের করে গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।
দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে বৃক্ষরোপণ কর্মসূচি বন্ধ হবে না জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘একই এলাকায় নতুন করে আরও ১ হাজার ২০০ গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি গাছগুলোর সুরক্ষা ও পরিচর্যার ব্যবস্থাও করা হবে।’
শুক্রবার বেলা ২টার দিকে কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বাবনি এলাকায় ১ হাজার ২০০ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এর আগে গত ৫ আগস্ট তার নির্দেশনায় ওই সড়কের পাশে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছিল।
এ সময় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষসহ সংশ্লিষ্ট সবাইকে গাছগুলোর সুরক্ষা ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান ডেপুটি স্পিকার।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাতে বাবনি এলাকায় সড়কের পাশে রোপণ করা ৩৫টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলে দুর্বৃত্তরা। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1787916974.jpg)
_medium_1787916575.jpg)
_medium_1787914363.jpg)