রংপুরের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা ২৬ সেপ্টেম্বর
রংপুর জেলা প্রতিনিধি: রংপুরাঞ্চলের নারীদের কারিগরি শিক্ষায় নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে রংপুর সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। নবনির্মিত রংপুরের প্রথম এই মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের দৃষ্টিনন্দন আধুনিক অবকাঠামো, অত্যাধুনিক ওয়ার্কশপ, আবাসিক সুবিধা এবং দক্ষ শিক্ষক নিয়ে যাত্রা শুরু করতে যাওয়া এ প্রতিষ্ঠানে প্রথম ধাপে গ্রাফিক ডিজাইন ও আর্কিটেকচার টেকনোলজিতে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া এ মাসে শুরু হবে। আগামী ২৬ সেপ্টেম্বর রংপুর সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্থানীয় শিক্ষা প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়া এলাকায় প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে। তিন একর জমির ওপর এ আধুনিক ক্যাম্পাসে ছয় তলাবিশিষ্ট একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং চার তলাবিশিষ্ট ছাত্রীনিবাস তৈরি করা হয়েছে। ২০০ আসনের ছাত্রীনিবাসে পাঁচটি পৃথক ব্লক রয়েছে। হলে শিক্ষার্থীদের জন্য রিডিং রুম, টিভি রুম ও ডাইনিং রুমের ব্যবস্থা রয়েছে।
এছাড়া ক্যাম্পাসে শিক্ষকদের ডরমেটরি, অভ্যন্তরীণ সড়ক, ড্রেনেজ ও সাব-স্টেশন নির্মাণ করা হয়েছে। একটি অত্যাধুনিক ওয়ার্কশপ ভবনও নির্মাণ করা হবে। অত্যাধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত ওয়ার্কশপ ভবনটি শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ নিশ্চিত করবে। ইনস্টিটিউটের নির্মাণকাজের প্রায় ৯০ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে।
আরও পড়ুনজানা গেছে, প্রথম পর্যায়ে রংপুর সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে গ্রাফিক ডিজাইন ও আর্কিটেকচার টেকনোলজিতে ৫০ জন করে মোট ১০০ ছাত্রী ভর্তি করা হবে। আগামী শিক্ষাবর্ষে আরও দু’টি নতুন ট্রেড যুক্ত করে ১০০ শিক্ষার্থী বাড়ানো হবে। ভর্তি হওয়া সব শিক্ষার্থীকে প্রতি সেমিস্টারে বৃত্তি দেয়া হবে।
রংপুর সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আসাদুজ্জামান ফারুক জানান, ২০২২-২৬ সাল পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ২৬ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ও অক্টোবরে ক্লাস শুরু হবে। দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রেও প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।
মন্তব্য করুন







