নওগাঁয় কলেজ ছাত্রীকে ব্যাড টাচের অভিযোগে যুবক গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সরকারি কলেজের এক ছাত্রীকে ব্যাড টাচ করার অভিযোগে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সেই সাথে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
গত রোববার দিনব্যাপী নওগাঁ ও পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফুয়াদ আদমদীঘি উপজেলার সান্তাহার জনকলোনি এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট নওগাঁ সরকারি কলেজের মাস্টার্সের এক ছাত্রী টিউশনে যাওয়ার উদ্দেশ্যে মেস থেকে বের হন। পথে এটিম মাঠের গলি দিয়ে যাওয়ার পথে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের অজ্ঞাতনামা আরোহী তাকে ব্যাড টাচ করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার কয়েকদিন পর ভুক্তভোগী ছাত্রী নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে বিষয়টি জানান।
পুলিশ সুপার অভিযোগ গুরুত্বের সাথে শুনে দ্রুত অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারে জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশ দেন। পরে তথ্যপ্রযুক্তি ও এআই ক্যামেরার ডাটা বিশ্লেষণ করে অভিযুক্ত যুবক ও ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়।
আরও পড়ুনএরই জেরে নওগাঁ ও বগুড়ার আদমদীঘি এলাকায় অভিযান চালিয়ে সান্তাহার থেকে ফুয়াদকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সড়কে কিংবা যেকোনো স্থানে নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরণের সহিংসতা বা যৌন হয়রানি জেলা পুলিশ কঠোরভাবে দমন করবে। এ ধরণের অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন







