বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে কাহালুর জয়
স্পোর্টস রিপোর্টার: বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় ম্যাচে কাহালু উপজেলা ফুটবল একাদশ জয় পেয়েছে। আজ রোববার (২৩ আগস্ট) শহীদ চাঁন্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলায় তারা আদমদীঘী উপজেলা ফুটবল একাদশকে ১ গোলে হারায়। কাহালুর পক্ষে জয় সূচক গোল করেন কাহালুর বিদেশী খেলোয়ার সোলেমান কিং।
তীব্র উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের ২৭মিনিটে কাহালু একাদশের সোলেমান কিংয়ের নৈপূন্যে গোলের দেখা পায় দলটি। পরবর্তীতে উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কোনদলই আর গোল পায়নি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত আরও ৪ মিনিট সময় বর্ধিত করে দেন মাঝ মাঠের পরিচালক সজন রবি দাশ। খেলা পরিচালনার জন্য তাকে সহায়তা করেন জোবায়ের রহমান, রোস্তম আলী এবং মাহবুর রহমান লিটন।
আদমদীঘী উপজেলা ফুটবল একাদশের হয়ে বহিরাগত খেলোয়াড় ডিমাকো অংশ নেন। অপরদিকে কাহালু উপজেলা ফুটবল একাদশের হয়ে গোলদাতা সোলেমান কিংয়ের পাশাপাশি আরও অংশ নেন বহিরাগত খেলোয়াড় মুজি। খেলায় অসামান্য ক্রীড়া নৈপূন্য প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড়ের অর্থ পুরষ্কার জিতে নেন কাহালু উপজেলা ফুটবল একাদশের খেলোয়াড় উজ্জ্বল হোসেন। অখেলোয়াড়োচিত আচারণের জন্য কাহালুর সানীকে হলুদ কার্ড প্রদর্শন করেন মাঝ মাঠের পরিচালক সজন রবি দাশ।
আরও পড়ুনখেলা উপভোগ করতে এবং খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন হাজারও দর্শক। শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মূল ফুটবল মাঠের চারপাশ, অস্থায়ী গ্যালারি পূর্ণ হয়ে যাওয়ায় আশেপাশের ভবনের ছাদ, গাছের উচু ডালে বসে দর্শকদের খেলা উপভোগ করতে দেখা যায়। খেলায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুদ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু, কাহালু-আদমদীঘি উপজেলার নির্বাহি কর্মকর্তাসহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন







