ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে গরু চুরি করার সময় গ্রামবাসীর পিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় চোর সন্দেহভাজন আরও একজনকে পিটিয়ে আহত করেন এলাকাবাসী।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে গরু চুরি করার সময় গ্রামবাসীর পিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চোর সন্দেহভাজন আরও একজনকে পিটিয়ে আহত করেন এলাকাবাসী। আজ শনিবার (২২ আগস্ট) ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গভীর রাতে উপজেলার বাদুরগাছা গ্রামের নিলুফার ইয়াসমিন নামে এক বিধবা নারীর বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে কয়েকজন প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে নিলুফার ইয়াসমিন চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া করেন। অনেক খোঁজাখুঁজির পর দুজনকে আটক করেন গ্রামবাসী। পরে উত্তেজিত জনতা তাদের সংঘবদ্ধভাবে পিটুনি দেন।
এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। অপরজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত ও আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন