দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এক হাজার শয্যায় উন্নীত
দিনাজপুর জেলা প্রতিনিধি: দীর্ঘ প্রতিক্ষার পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হয়েছে। ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী (বর্তমানে প্রয়াত) বেগম খালেদা জিয়ার হাতেই যাত্রা শুরু হয় দিনাজপুর মেডিকেল কলেজের।
পরে ২০০৬ সালে শুরু হয় হাসপাতালের স্বাস্থ্যসেবা। এই হাসপাতালকে ঘিরে এলাকার মানুষের রয়েছে নানান প্রত্যাশা। কিন্তু সীমিত আসনসংখ্যায় নানান সংকটের মধ্যে দীর্ঘসময়ে হাসপাতালে স্বাস্থ্যসেবা উন্নতির বদলে ক্রমে অবনতি হয়েছে।
এ অবস্থায় উত্তর জনপদের মানুষের প্রত্যাশা পূরণে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ৫শ’ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গত রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ এবং ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬ এর উপ-সচিব শুক্লা সরকার স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়, যাবতীয় বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে সেবা চালুকরণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।
আরও পড়ুনএদিকে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ৫শ’ শয্যা থেকে এক হাজার শয্যায় উন্নীত করায় বর্তমান সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে দিমেক হাসপাতাল সংশ্লিষ্টরা। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবীর বলেন, ইতোমধ্যে হাসপাতালের ৬ তলা ভবন হয়েছে, এটি ১০ তলায় উন্নীত হবে।
এছাড়াও শয্যাসংখ্যা বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত চিকিৎসক ও জনবল পাওয়া যাবে। মন্ত্রণালয়ের সাথে ইতোমধ্যেই যোগাযোগ শুরু হয়েছে। উল্লেখ্য, ৫শ’ শয্যার হাসপাতাল হিসেবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত পদ ২১৮, কিন্তু কর্মরত রয়েছে ১২৭ জন, ৫৪০ জন নার্সের স্থলে কর্মরত রয়েছে ৫২৩ জন এবং ১০০ জন অন্যান্য স্টাফের স্থলে কর্মরত রয়েছে ৭৭ জন। এছাড়াও আউটসোর্সিং স্টাফ হিসেবে ২১৭ জন এবং আনসার কর্মরত রয়েছে ৪৫ জন।
মন্তব্য করুন




_medium_1786974927.jpg)


