যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যকে কটাক্ষ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত ছিল যুক্তরাজ্য। তবে, সম্প্রতি যুক্তরাজ্যের গণমাধ্যমে ইসরায়েলকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তার সমালোচনা করতে গিয়ে এ মন্তব্য করেন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রচারিত ইসরায়েলি পডকাস্ট (Melech Blitzer Haim)এ কথা বলার সময় নেতানিয়াহু এই মন্তব্য করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
ওই পডকাস্টে ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধ নিয়ে মন্তব্য করেন নেতানিয়াহু। ওই যুদ্ধে ইসরায়েল সম্পর্কে ইতিবাচক প্রতিবেদন প্রকাশকারী ব্রিটিশ লেখক র্যান্ডলফ চার্চিলের উদাহরণ তুলে ধরে নেতানিয়াহু বলেন, সে সময় ব্রিটিশ সংবাদমাধ্যমে ইসরায়েল সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা যেত।
এরপর ব্যঙ্গাত্মকভাবে তিনি বলেন, আজকের ব্রিটেনে সেটি খুঁজে দেখুন-আপনি একে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলতে পারেন।
এছাড়া, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের ২০২২ সালের একটি মন্তব্যের কথাও উল্লেখ করেছেন নেতানিয়াহু। ভ্যান্স তখন মন্তব্য করেছিলেন, যুক্তরাজ্য হয়ত বিশ্বের প্রথম পারমাণবিক অস্ত্রধারী ইসলামপন্থি দেশ হয়ে উঠতে পারে।
আরও পড়ুননেতানিয়াহু বলেন, কেউ একজন বলেছিলেন, পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামিক প্রজাতন্ত্র হবে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন। এরপর ইরানকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা নিশ্চিত করছি যে এখানে (ইরানে) আরেকটি এমন দেশ থাকবে না।
পডকাস্টে নেতানিয়াহুর এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ব্রিটিশ ও আইরিশ ইহুদি সম্প্রদায়ের একটি সংগঠন। মুভমেন্ট ফর প্রোগ্রেসিভ জুডাইসম-এর যৌথ প্রধান রাবাই চার্লি বাগিনস্কি ও রাবাই জোশ লেভ বলেন, ব্রিটেনে যখন ইহুদিবিদ্বেষ, মুসলিমবিদ্বেষ ও সামাজিক বিভাজন মানুষের মধ্যে বাস্তব ভয় তৈরি করছে, তখন এ ধরনের ভাষা বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন।
তারা আরও বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ব্রিটিশ ইহুদিদের প্রতিনিধিত্ব করেন না। তার বক্তব্য আমাদের প্রতিনিধিত্ব করে না।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








