নিউমার্কেটে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ২৫
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল ও নিউমার্কেট থানা যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার পর নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে কিছু দোকান বসিয়েছিল নিউমার্কেট থানা যুবদলের নেতাকর্মীরা। পরে সেসব দোকান সরিয়ে সেখানে দোকান বসাতে চান ঢাকা কলেজ ছাত্রদলের কিছু নেতা। মঙ্গলবার রাতে তারা দোকানগুলো সরাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের প্রায় ১৫ জন এবং নিউমার্কেট থানা যুবদলের ১০ জনের বেশি নেতাকর্মী আহত হন। পরে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা সায়েন্সল্যাবের বসুন্ধরা গলিতে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব এ কে এম চঞ্চলের অফিসে ভাঙচুর চালান।
আরও পড়ুননিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব এ কে এম চঞ্চল বলেন, যুবদলের কিছু নেতাকর্মী ফুটপাতে ব্যবসা করেন। আওয়ামী লীগ চলে যাওয়ার পর তারা নিজেরাই দোকান চালাচ্ছেন। মঙ্গলবার ঢাকা কলেজ ছাত্রদলের কিছু নেতাকর্মী দোকানে হামলা চালানোর পর তার অফিসে গিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। তবে তার নিজের কোনো দোকান নেই বলেও দাবি করেন তিনি।
ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, তিনি ঢাকার বাইরে থাকায় ঘটনার বিষয়ে জানেন না এবং এ বিষয়ে আহ্বায়কের সঙ্গে কথা বলতে বলেন। সংগঠনটির আহ্বায়ক পিয়াল হাসান জানান, তিনি একটি ঝামেলার মধ্যে আছেন, পরে কথা বলবেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1786462834.jpg)

