ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ০৬:০২ পিএম

ধূসর জীবনে মিথ্যার রঙিন গল্পে আফজাল-মিমি

ধূসর জীবনে মিথ্যার রঙিন গল্পে আফজাল-মিমি

বিনোদন ডেস্ক: রং শুধু চোখে দেখা সৌন্দর্যের বিষয় নয়; মানুষের অনুভূতি, আবেগ ও বেঁচে থাকার সঙ্গেও জড়িয়ে আছে রঙের নানা প্রতীকী অর্থ। আনন্দ, দুঃখ, ভালোবাসা, ভয় কিংবা আশার যেমন আলাদা রং আছে, তেমনই সত্য-মিথ্যারও রয়েছে নিজস্ব রূপ। সত্য-মিথ্যার এমন বৈপরীত্য এবং মানুষের জীবনের ধূসর বাস্তবতাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যের কনটেন্ট ‘রঙিন সুরমা’।

রিয়াজুল হক ইমরানের পরিচালনায় নির্মিত এই কনটেন্টের কেন্দ্রীয় দুই চরিত্র মুন্তাসির ও শাহিদা। তাদের জীবনও যেন সুরমার মতো—বাইরে ধূসর, অথচ ভেতরে লুকিয়ে আছে নানা রঙের গল্প। মুন্তাসির ও শাহিদা চরিত্রে অভিনয় করেছেন দেশের গুণী ও জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আফজাল হোসেন ও আফসানা মিমি। 

কাজটি নিয়ে আফজাল হোসেন বলেন, “দুজন মানুষ ও একটি সংকট নিয়ে গল্প। তারা বয়স্ক মানুষ। আজকাল মানুষের মন মাতানোর জন্য গরমাগরম গল্পের চাহিদা অনেক। এমন সময়ে কেউ যদি ঠান্ডা মেজাজের, শিরশির করা অনুভূতির কোনো গল্প পর্দায় হাজির করতে চায়, সে ভাবনাকে বিশেষ ভাবতেই হয়। সেটা ভেবেই আগ্রহ নিয়ে অভিনয় করা। গল্পের আবেগ, আশা করি, দর্শকের আবেগকেও স্পর্শ করতে পারবে।” 

‘রঙিন সুরমা’-এর গল্প ও নাম প্রথম থেকেই তাকে আকৃষ্ট করেছিল বলে জানান আফসানা মিমি। নির্মাতার পাঠানো চিত্রনাট্য পড়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “ইমরান যখন স্ক্রিপ্ট পাঠালেন, প্রথমেই নামটা দৃষ্টি কেড়েছিল—‘রঙিন সুরমা’। স্বাভাবিক আগ্রহ নিয়ে পড়তে শুরু করলাম, শেষ করেছি চোখে জল নিয়ে। দীর্ঘ অপেক্ষার পর কাজটা হলো। এখন দেখার অপেক্ষা।” 

 

 

আরও পড়ুন

আফজাল হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন আফসানা মিমি। তিনি বলেন, “আফজাল ভাইয়ের সঙ্গে কাজ করা সবসময়ই খুব আনন্দের। যাকে পর্দায় দেখে ভালোবেসেছি, তার সঙ্গে যখন কাজ করতে যাই, তখন ভীষণ রোমাঞ্চিত হই। প্রতিবার মনে হয়, আহা! কী সৌভাগ্যবান আমি—আফজাল হোসেনের সঙ্গে কাজ করছি! আর আফজাল ভাই সবকিছু এত সহজ করে দেন, বন্ধুর মতো।” 

নির্মাতা রিয়াজুল হক ইমরানের এই কনটেন্টে আফজাল হোসেন ও আফসানা মিমির মতো দুই গুণী শিল্পীর উপস্থিতি গল্পটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। ধীরস্থির আবহ, মানবিক আবেগ এবং সত্য-মিথ্যার দ্বন্দ্বের মধ্য দিয়ে ‘রঙিন সুরমা’ দর্শকদের জন্য কতটা আলাদা অভিজ্ঞতা তৈরি করতে পারে, তা এখন দেখার বিষয়। 

জানা গেছে, আগামী ১২ আগস্ট রাত ১২টায়, অর্থাৎ ১৩ আগস্ট, দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘রঙিন সুরমা’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভঙ্গুর রাষ্ট্রকে পুনর্গঠন করাই সরকারের প্রধান কাজ : প্রধানমন্ত্রী 

ধূসর জীবনে মিথ্যার রঙিন গল্পে আফজাল-মিমি

দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে প্রতারণা : আগারগাঁওয়ে র‌্যাবের হাতে ৮ দালাল

সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

চার-ছক্কার তাণ্ডবে মালয়েশিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ 

হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩