ভারতে হিমাচলে বাস উল্টে নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচের সড়কে পড়ে যায়। এতে বাসটির চালক ও কন্ডাক্টরসহ অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনাটি ঘটে বৈরাগড়-তিসা সড়কের দেবিকোঠি এলাকার চালুঞ্জ মোড়ের কাছে। শর্মা বাস সার্ভিসের বাসটি বৈরাগড় থেকে চাম্বার দিকে যাচ্ছিল। কর্মকর্তারা জানান, বাসটি শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় তিন কিলোমিটার যাওয়ার পর চালুঞ্জ মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে চালক, কন্ডাক্টরসহ মোট ১৮ জন ছিলেন। বাসটি প্রথমে সড়কের ওপর উল্টে যায়। পরে সেটি নিচের আরেকটি সড়কে গিয়ে পড়ে। এতে কয়েকজন যাত্রী বাসের ভেতরে ও নিচে আটকা পড়েন।
আরও পড়ুনদুর্ঘটনার পর বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। তারা দ্রুত পুলিশকে খবর দেন এবং উদ্ধারকাজে সহায়তা শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে একটি বড় উদ্ধারকারী দল পাঠানো হয়। চাম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় মোট আটজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বাসটি কেন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক






