ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৬ ১২:৪৩ এএম

বনানীতে ৫৭ লাখ টাকার জাল নোটে স্বর্ণ কেনার চেষ্টা, হাতেনাতে ধরা

ছবি : সংগৃহীত, বনানীতে ৫৭ লাখ টাকার জাল নোটে স্বর্ণ কেনার চেষ্টা, হাতেনাতে ধরা

রাজধানীর বনানীতে স্বর্ণালংকার কিনতে গিয়ে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোটসহ মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা এক সহযোগী পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্সের দোকানে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, বিকেল ৪টার দিকে দুই ব্যক্তি ক্রেতা সেজে ওই জুয়েলার্সে প্রবেশ করেন। তারা এক আত্মীয়ের বিয়ের জন্য ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার কথা জানান।

পছন্দের গয়না প্যাকেট করার পর মূল্য পরিশোধের সময় তারা একটি কালো ট্রলি ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে দোকানের কাচের টেবিলে রাখেন। টাকার বান্ডিল দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে তারা নোটগুলো পরীক্ষা করে জাল বলে শনাক্ত করেন।

আরও পড়ুন

বিষয়টি বুঝতে পেরে দুই ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন একজনকে আটক করতে সক্ষম হলেও তার সহযোগী পালিয়ে যান। পরে খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রুবেলের কাছ থেকে মোট ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও আটটি মামলা রয়েছে।

এ ঘটনায় রুবেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পলাতক সহযোগীসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০

‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারক আটক

শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী