বগুড়ার সারিয়াকান্দিতে সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা গ্রেফতার ৬
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দিতে মোসলেম উদ্দিন প্রামানিক (৬২) নামে এক সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার কাজলা ইউনিয়নের পাকুরিয়া চরে এ হত্যার ঘটনা ঘটে। এব্যাপারে ১৮ জনের নাম উল্লেখসহ মোট ৩০ জনকে আসামি করে সারিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ হত্যার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে।
এদিকে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে হামলা চালিয়ে তাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রসহ অর্ধ শতাধিক গরু লুট করেছে বলে অভিযোগ উঠেছে। কাজলা ইউপির সদস্য ও নিহতের ভাই শাহজাহান আলী জানান, মোসলেম উদ্দিন কাজলা ইউনিয়নের পাকুরিয়া চর নামক গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামানিকের ছেলে।
তিনি একজন সাবেক সেনা সদস্য এবং (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সাথে তার জমি এবং গো চারণভূমি বিক্রি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। গত সোমবার রাত ৮টার দিকে মোসলেম পাকুরিয়া বাজারের নান্টুর মোড়ে একটি দোকান থেকে চা পান করে বাড়িতে ফিরছিলেন।
পথিমধ্যে নান্টু সরকারের নেতৃত্বে বেশ কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মোসলেম উদ্দিনের পথরোধ করে তার উপর হামলা করে। হামলাকারীরা লোহার রড দিয়ে তাকে আঘাত করে। এতে মোসলেম গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ওইদিন রাত ১ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মোসলেম গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে মারা যান।
শাহজাহান আলী আরো বলেন, আমার ভাই মোসলেম একজন নিরীহ মানুষ ছিলেন। গো চারণভূমি বিক্রি নিয়ে নান্টু সরকারের লোকজনের সাথে তার বিবাদ চলছিল। রাতের আঁধারে আমার ভাইকে একা পেয়ে তারা আক্রমণ করে হত্যা করেছে। অতি দ্রুত আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।
আরও পড়ুনএ ঘটনায় মোসলেমের স্ত্রী সখিনা বেগম বাদি হয়ে ১৮ জনকে আসামি করে সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সারিয়াকান্দি থানার পুলিশ ৬ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার আসামিরা হলো, একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকার (৫৬), আসাদুজ্জামান খানের ছেলে হায়দার আলী খান (৭০) ও গিয়াস আলী খান (৭৫), মোখলেছুর রহমানের ছেলে সুজন মন্ডল (৩২), মৃত ময়েজ মন্ডলের ছেলে মোখলেছুর রহমান (৫৫) এবং ইলিয়াস সরকারের ছেলে সোহেল সরকার (৩৫)।
এদিকে মঙ্গলবার সকালে সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট করেছে। সেখানে গৃহস্থালি জিনিসপত্রসহ অর্ধশতাধিক পালের গরু লুটপাটের অভিযোগ তুলেছেন আসামি পক্ষের লোকজন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে দ্রুত সেখানে পুলিশের টিম পাঠানো হয়েছিল। ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৬ জন আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
নিহতের মরদেহ ময়না তদন্তের পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নিহতের স্ত্রী বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার অপর আসামিদের গ্রেফতার করতে আমাদের পুলিশের একাধিক টিম কাজ করছে।
মন্তব্য করুন







