পাবনার সুজানগর হাসপাতালপাড়া সড়কের বেহাল দশা
সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগর পৌরসভা নামেই প্রথম শ্রেণির পৌরসভা। নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভায় তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশেষ করে পৌরসভার রাস্তা-ঘাট এবং পানি নিষ্কাশন ড্রেনের বেহালদশা। এর মধ্যে আবার হাসপাতালপাড়া সড়কের পরিস্থিতি আরো খারাপ।
পৌরসভার ২নং ওয়ার্ডের ভুক্তভোগী বাসিন্দা মামুন আলম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ দিয়ে নির্মিত হাসপাতালপাড়া সড়ক নামে পরিচিত ওই সড়কটি পৌরসভার অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়ক। সুজানগর পৌরবাসী ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার লোকজন সড়কটি দিয়ে বাস ও সিএনজি চালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনযোগে সুজানগর পৌর বাজার এবং উপজেলা সদরে যাতায়াত করেন।
সেই সাথে এলাকার শিক্ষার্থীরাও সড়কটি দিয়ে ভ্যান এবং অটোবাইকসহ বিভিন্ন যানবাহনযোগে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকে। অথচ দীর্ঘদিন সড়কটির অধিকাংশ জায়গা থেকে কার্পেটিং উঠে ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই ওই সকল গর্তে পানি জমে যায়। এ সময় সড়কটি দিয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণ পর্যন্ত চলাচল করতে হিমশিম খায়।
আরও পড়ুনপৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম বাবু বলেন, প্রথম শ্রেণির ওই পৌরসভায় দীর্ঘদিন নির্বাচিত মেয়র নেই। এমনকি পৌর নির্বাহী অফিসারও নেই। বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসকের দায়িত্ব পালন করলেও বেশিরভাগ সময় তাকে তার দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হয়। এর বাইরে যে সকল স্টাফ আছে তারা পৌরসভার উন্নয়নে তেমন ভূমিকা রাখছেনা।
ফলে দীর্ঘদিন সড়কটির ইট-শুড়কি উঠে খানাখন্দে পরিণত হলেও সংস্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছেনা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, শিগগিরই সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
মন্তব্য করুন







