কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে মতবিরোধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
আজ সোমবার (২৭ জুলাই) সকালে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া মিরারচর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাজার রয়েছে। এ বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামবাসীর মধ্যে মতবিরোধ চলছে কয়েকবছর ধরে। এর জের ধরে সকালে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সময় আকবরনগরের এলাকাবাসী মিরারচর এলাকার মাসুদ মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে এলাকাবাসী মাসুদ মিয়াকে আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া সংঘর্ষে অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







