সিরাজগঞ্জে ছয় মাসে ১২০ জনের আত্মহনন, অধিকাংশ তরুণ-তরুণী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বেড়েছে আত্মহত্যার ঘটনা। চলতি বছরের মাত্র ছয় মাসেই জেলার বিভিন্ন এলাকায় আত্মহত্যা করেছেন ১২০ জন। জেলা পুলিশের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় মোট ১২০জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে ৬৮ জন পুরুষ এবং ৫২ জন নারী।
গড়ে প্রতি মাসে ২০জন এবং প্রতি সপ্তাহে প্রায় পাঁচজন আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারীদের অধিকাংশের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। এ ছাড়া, ১৩ থেকে ১৮ বছর বয়সী কয়েকজন কিশোরীও আত্মহত্যার তালিকায় রয়েছে, যা বিশেষভাবে উদ্বেগের বিষয় বলে মনে করছেন সচেতন মহল।
জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় আত্মহত্যার ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই কারণ হিসেবে উঠে এসেছে পারিবারিক অশান্তি, স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব, অভাব-অনটন, প্রেমে ব্যর্থতা, পছন্দের মানুষকে বিয়ে করতে না পারা, ঋণের চাপ, সামাজিক অপমান, সাইবার বুলিং এবং মানসিক হতাশার বিষয়গুলো।
সিরাজগঞ্জ রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. বাবুল হোসেন বলেন, একসময় যৌথ পরিবার ছিল, যেখানে মানুষ সংকটের সময় অন্যদের কাছ থেকে মানসিক সমর্থন পেত। বর্তমানে পরিবারগুলো ছোট হয়ে গেছে, সামাজিক যোগাযোগও কমে গেছে।
আরও পড়ুনফলে অনেকেই নিজের কষ্ট নিজের মধ্যে চেপে রাখছেন। দীর্ঘদিন হতাশা জমে একসময় আত্মহত্যার মতো সিদ্ধান্তে পৌঁছে যান। পরিবারে খোলামেলা আলোচনা, সন্তানদের সময় দেওয়া এবং মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব বাড়ানো এখন সময়ের দাবি।
সিরাজগঞ্জ সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ বলেন, প্রতিটি আত্মহত্যার ঘটনার তদন্তে আমরা পরিবারের সদস্যদের সাথে কথা বলি। দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ সাময়িক সমস্যাকে স্থায়ী সমস্যা মনে করে আবেগপ্রবণ সিদ্ধান্ত নিয়ে ফেলেন। অনেক ঘটনা প্রতিরোধ করা সম্ভব হতো, যদি সময়মতো কেউ তাদের পাশে দাঁড়াতেন।
সিরাজগঞ্জে গত ছয় মাসের এই পরিসংখ্যান এখনই সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে। সময়মতো কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন









