শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মহাসড়ক অবরোধ, জনভোগান্তি
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আড়াই ঘণ্টা মানববন্ধনসহ ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার নয়মাইল এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচির কারণে সকাল ১০টা থেকেই ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, জনভোগান্তিতে পড়ে হাজার হাজার মানুষ। জনদুর্ভোগের সংবাদ পেয়ে বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ঘটনাস্থলে এসে এলাকাবাসীর দাবির বিষয়টি প্রদানমন্ত্রীকে অবগত করার আশ্বাস দেন। আশ্বাস পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বক্তারা বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় প্রায় ২৫ বছর আগে বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রস্তাব করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রস্তাব বাস্তবায়িত হয়নি। এলাকার ভৌগোলিক অবস্থান, মনোরম পরিবেশ, উন্নত সড়ক যোগাযোগ, নির্মাণাধীন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের সম্ভাবনা এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর নিকটবর্তী অবস্থান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অত্যন্ত উপযোগী। বক্তারা আরও বলেন, শাজাহানপুরের জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে। পাশাপাশি শিক্ষা ও গবেষণার প্রসার, স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
আরও পড়ুনবক্তারা দাবি করেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফর শেষে ফেরার পথে জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আশ্বাস দিয়েছেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, অধ্যক্ষ আব্দুল হালিম, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন









