যে দলই করি না কেন সবার আগে মানুষের পক্ষে দাঁড়াতে হবে : নাসীরুদ্দীন পাটোয়ারী
বোচাগঞ্জ ও ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে জুলাই পদযাত্রার সভায় কেন্দ্রীয় এনসিপি নেতা নাসীরউদ্দীন পাটোয়ারী বলেছেন, আমরা এনসিপি, বিএনপি, জামাত যে যেই দল করি না কেন, সবার আগে আমাদেরকে মানুষের পক্ষে দাঁড়াতে হবে। মানুষের প্রতি অন্যায় বন্ধ করতে হবে। থানাসহ সকল সরকারি দপ্তরে দলমত নির্বিশেষে মানুষ যেন হয়রানি ছাড়া বিনা পয়সায় সকল সুযোগ সুবিধা পায় সেটা নিশ্চিত করতে হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার স্কুল রোডস্থ রবিন্দ্র-নজরুল মঞ্চে উপজেলা এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রার পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা বিএনপিকে বলতে চাই। আওয়ামী লীগ অন্যায় করেছিল, অপকর্ম করেছিল, গণহত্যা করেছিল তার শাস্তি তারা পাচ্ছে। আগামীতেও পাবে। আপনারা নতুন করে ক্ষমতায় এসেছেন আপনারাও যদি একই কাজ করেন তাহলে আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে।
উপজেলা এনসিপির মূখ্য সংগঠক এম.এ তাফসীর হাসানের সভাপতিত্বে এবং দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র ফয়সাল মোস্তাকের সঞ্চাচালনায় পথসভায় বক্তব্য রাখেন- এনসিপির সদস্য সচিব আকতার হোসেন এমপি, এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির যুগ্ম আহবায়ক ডা. আতিক মুজাহিদ এমপি, এনসিপি কেন্দ্রীয় নেতা ড. আব্দুল আহাদ, গোলাম মর্তুজা সেলিমসহ দিনাজপুর, কাহারোল, বিরল ও বোচাগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
আরও পড়ুনএর আগে বিকেল ৫টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি এলাকায় বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
পথসভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক (হেড অফ হেলথ উইং) ডা. আব্দুল আহাদ, দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ, ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসেন প্রমুখ।
মন্তব্য করুন







