ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০১:৪২ এএম

২৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল শুরু

ছবি : সংগৃহীত, ২৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল শুরু

শ্রমিকদের সাংগঠনিক বিরোধের অবসান হওয়ায় টানা প্রায় ২৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাত থেকে বিভিন্ন রুটে ধীরে ধীরে বাস চলাচল শুরু হওয়ার পাশাপাশি ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের বাস কাউন্টারও খুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল থেকে শ্রমিকদের বিভিন্ন পক্ষ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ চলমান জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা করে আপস-সমঝোতায় পৌঁছায়।

এর আগে রাজশাহী মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) নূর আলম সিদ্দিকী পরিবহন শ্রমিকদের উভয় পক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শ্রমিকদের একটি পক্ষ নির্বাচনকালীন কমিটিতে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালকে না রাখার দাবি জানায়।

আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, নির্বাচনকালীন আহ্বায়ক কমিটিতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি গ্রুপের চারজন এবং শ্রমিক নেতা মোমিন গ্রুপের চারজন সদস্য থাকবেন।

শ্রমিকদের সাংগঠনিক বিরোধের জেরে সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন। পরে সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনা ও প্রশাসনের উদ্যোগে অচলাবস্থার অবসান হলে পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্টদের পাশাপাশি সাধারণ যাত্রীদের মধ্যেও স্বস্তি ফিরে আসে।

মঙ্গলবার রাত থেকে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও শিরোইল বাসস্ট্যান্ডসহ নগরীর বিভিন্ন কাউন্টারে স্বাভাবিক কার্যক্রম দেখা যায়। কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় থাকলেও আগের মতো অনিশ্চয়তা ছিল না। নির্ধারিত সময়ে বাস ছেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যেও স্বস্তির ছাপ দেখা গেছে।

আরও পড়ুন

ঢাকাগামী যাত্রী মো. শফিকুল ইসলাম বলেন, দুই দিন ধরে বাস বন্ধ থাকায় তিনি দুশ্চিন্তায় ছিলেন। তবে কাউন্টার খুলে যাওয়ায় সহজেই টিকিট পেয়েছেন এবং নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশে রওনা হতে পারছেন।

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে এসে ঢাকার উদ্দেশে রওনা হওয়া যাত্রী সাবিনা ইয়াসমিন জানান, আগের দিন বাস না পেয়ে তাকে ফিরে যেতে হয়েছিল। তবে এবার কোনো ঝামেলা ছাড়াই টিকিট পাওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।

আরেক যাত্রী আল-আমিন হোসেন বলেন, হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই গুরুত্বপূর্ণ কাজ মিস করেছেন। বাস চলাচল আবার শুরু হওয়ায় সবাই স্বস্তি ফিরে পেয়েছেন। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর তৈরি না হয়, সেই প্রত্যাশাও জানান তিনি।

বাস কাউন্টার-সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব রুটেই ধাপে ধাপে বাস চলাচল শুরু হয়েছে। যাত্রীর চাপ থাকলেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাস ছেড়ে যাচ্ছে এবং আগাম টিকিট বিক্রিও স্বাভাবিক রয়েছে।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে শ্রমিকদের বোঝানো হয়েছে, যাতে সাধারণ মানুষকে কোনো ধরনের কষ্টে পড়তে না হয়। পরে শ্রমিকদের নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে আবারও বাস চলাচল শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল শুরু

পেনাল্টি থেকে ওইয়েরজাবালের গোল, এগিয়ে গেল স্পেন

ইসরায়েলে সরাসরি তেল রফতানি শূন্যে নামাল ব্রাজিল

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

বুধবার পরীক্ষা হলে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির ঘোষণা

মেসিকে রুখতে কী পরিকল্পনা করছে ইংল্যান্ড?