এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চে আসছে ব্রাজিলের নাম
স্পোর্টস ডেস্ক : গুগল সার্চে ফুটবল দল নিয়ে অদ্ভুত সব শব্দের ফলাফল এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিচ্ছে। ‘চোরের দলের ম্যাচ কবে’ লিখে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য পাওয়ার বিষয়টি ভাইরাল হওয়ার পর এবার সামনে এসেছে ব্রাজিল। ছড়িয়ে পড়া বিভিন্ন স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ‘৭ আপ খাওয়া দল’ লিখে সার্চ করলে কিছু ব্যবহারকারীর সামনে ব্রাজিল কিংবা ব্রাজিল-জার্মানির ম্যাচের তথ্য দেখানো হচ্ছে।
কিন্তু এমন একটি ব্যঙ্গাত্মক শব্দের সঙ্গে ব্রাজিলের নাম কেন যুক্ত হচ্ছে?
এর পেছনে রয়েছে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত একটি ম্যাচ। ২০১৪ সালের ৮ জুলাই নিজেদের দেশে আয়োজিত বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল।
বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে সেদিন ম্যাচের প্রথম ২৯ মিনিটের মধ্যেই পাঁচ গোল হজম করে স্বাগতিকেরা। জার্মানির হয়ে টমাস মুলার ও মিরোস্লাভ ক্লোসা একটি করে, টনি ক্রুস ও আন্দ্রে শুরলে দুটি করে এবং সামি খেদিরা একটি গোল করেন। ম্যাচের শেষ দিকে ব্রাজিলের একমাত্র গোলটি করেন অস্কার। বিশ্বকাপের সেমিফাইনালে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়।
ওই ফলের পর থেকেই ব্রাজিলকে ব্যঙ্গ করতে প্রতিপক্ষ সমর্থকদের মধ্যে ‘৭ আপ’ কথাটির ব্যবহার শুরু হয়। কোমল পানীয় সেভেন আপের নামের সঙ্গে সাত গোলের মিল রেখে তৈরি হয় অসংখ্য মিম, ছবি ও ভিডিও। বাংলাদেশ ও ভারতের ফুটবল সমর্থকদের মধ্যেও দীর্ঘদিন ধরে ব্রাজিলকে উদ্দেশ করে ‘৭ আপ খাওয়া দল’ কথাটি ব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুনবিশ্বকাপ এলেই পুরোনো সেই ট্রল নতুন করে আলোচনায় আসে। ফেসবুক, ইউটিউব ও টিকটকে ব্রাজিলকে নিয়ে তৈরি অনেক পোস্টে একই সঙ্গে ‘৭ আপ’, ‘৭-১’ এবং ব্রাজিলের নাম ব্যবহার করা হয়। ফলে গুগলের স্বয়ংক্রিয় ব্যবস্থা এসব শব্দের মধ্যে একটি সম্পর্ক খুঁজে পেতে পারে।
একই বাক্য ব্যবহার করে অনেক মানুষ সার্চ করলে এবং ব্রাজিল-সম্পর্কিত ফলাফলে প্রবেশ করলে সেই সম্পর্ক আরও দৃশ্যমান হতে পারে। গুগল নিজে থেকে কোনো দলকে এমন নাম দেয় না। ইন্টারনেটে থাকা লেখা, ছবি, ভিডিও এবং মানুষের অনুসন্ধানের ধরন বিশ্লেষণ করে সম্ভাব্য প্রাসঙ্গিক ফলাফল দেখায়।
তবে একই শব্দ লিখে সার্চ করলেও সবার সামনে ব্রাজিলের তথ্য নাও আসতে পারে। ব্যবহারকারীর অবস্থান, ভাষা, সার্চ সেটিংস এবং সাম্প্রতিক প্রবণতার ওপর ভিত্তি করে ফলাফল পরিবর্তিত হতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ‘৭ আপ খাওয়া দল’ ব্রাজিলের কোনো আনুষ্ঠানিক নাম নয়। গুগল বা ফিফাও ব্রাজিলকে এমন কোনো নামে স্বীকৃতি দেয়নি। এটি ২০১৪ বিশ্বকাপের সেই ৭-১ গোলের ম্যাচ থেকে জন্ম নেওয়া সমর্থকদের পুরোনো একটি ট্রল, যা নতুন করে গুগল সার্চের ফলাফল ঘিরে আলোচনায় এসেছে।
মন্তব্য করুন









