ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৬ ১০:৩১ পিএম

পাবনার বেড়ায় সংযোগ সড়ক ছাড়াই দশ বছর পড়ে আছে সেতু, দুর্ভোগে এলাকাবাসী

পাবনার বেড়ায় সংযোগ সড়ক ছাড়াই দশ বছর পড়ে আছে সেতু, দুর্ভোগে এলাকাবাসী

বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার পাঁচুরিয়া গ্রামে খালের ওপর নির্মিত একটি সেতু ১০ বছর পড়ে আছে সংযোগ সড়ক ছাড়াই। প্রায় সাড়ে ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ সেতু মানুষের চলাচলের পথ সহজ করার বদলে এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে এলাকাবাসী নিজেদের টাকায় সেতুর দুই পাশে মাটি ফেলে কোনো রকমে যাতায়াতের ব্যবস্থা করলেও তা টিকছে না।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২০১৫-১৬ অর্থবছরে পাঁচুরিয়া গ্রামের প্রধান খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়।

পিআইও কার্যালয়ের তত্ত্বাবধানে নির্মিত সেতুটির নির্মাণ ব্যয় ছিল ৩২লাখ ৫৩ হাজার টাকা। ২০১৬ সালের মে মাসে নির্মাণকাজ শেষ হলেও সেতুর দুই পাশে সংযোগ সড়ক তৈরি করা হয়নি। সংযোগ সড়ক না থাকায় এখনও তাদের ঘুরপথে চলাচল করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশে স্থানীয়রা নিজেদের উদ্যোগে মাটি ফেলে সরু পথ তৈরি করেছেন। তবে সেই মাটি ও বালুর বস্তা বৃষ্টির পানিতে ধসে গেছে। সেতুর সাথে তৈরি হওয়া কাঁচা পথ নিচে নেমে গেছে। সামান্য বৃষ্টিতেই পথটি পিচ্ছিল হয়ে পড়ে। এতে প্রায়ই পথ পার হতে গিয়ে পড়ে যাচ্ছেন স্থানীয়রা, বিশেষ করে স্কুলগামী শিশুরা। অনেকে আহতও হয়েছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে এই মাটির পথ পানিতে তলিয়ে যায়। তখন বাধ্য হয়ে বাঁশের সাঁকো তৈরি করে খাল পার হতে হয়। ওই সাঁকো থেকেও অনেক সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষ পড়ে দুর্ঘটনার শিকার হন। সামনে বর্ষা মৌসুম নিয়ে তাই নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন এলাকাবাসী।

আরও পড়ুন

স্থানীয় চাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী সরদার বলেন, সেতুটি নির্মাণের পর সংযোগ সড়ক না থাকায় মানুষের কোনো উপকারে আসছে না। এ ছাড়া পরিকল্পনার সময় ওই স্থানে সেতু নির্মাণের বিষয়টি আরও যাচাই করা প্রয়োজন ছিল বলে মনে করি।

তবে এখন সবচেয়ে জরুরি হলো সেতুটিকে ব্যবহার উপযোগী করা। এজন্য দ্রুত সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ব্যাপারে আমি প্রয়োজনীয় সহযোগিতা করব।

এ বিষয়ে বেড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তহিদ-উজ জামান বলেন, বিষয়টি আমার জানা ছিল না। কেউ এ ব্যাপারে প্রস্তাবনাও দেয়নি। এরপরেও আমি দ্রুত সরেজমিনে এ ব্যাপারে খোঁজ নিয়ে সংযোগ সড়কের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার বেড়ায় সংযোগ সড়ক ছাড়াই দশ বছর পড়ে আছে সেতু, দুর্ভোগে এলাকাবাসী

বগুড়ার সোনাতলায় স্কুলছাত্রীর আত্মহত্যা

নওগাঁর ধামইরহাটে ৪ মাদকসেবী আটক

বগুড়ায় ছিনতাই মামলার পাঁচ আসামি গ্রেফতার

নীলফামারীর ডিমলায় বসতভিটার জমি নিয়ে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ১০

জুলাই মাসেই জুলাই সনদ কার্যকরের পদক্ষেপ নিন : অবিদুর রহমান সোহেল