নাটোরের সিংড়ায় খাস পুকুর নিয়ে বিরোধে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সরকারি খাস পুকুর নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গ্রামবাসীর দাবি, প্রতিপক্ষকে ফাঁসাতে এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এই ধরণের সাজানো নাটক তৈরি করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি বিদ্যালয়ের পাশে মানববন্ধন করেছেন শতাধিক নারী, পুরুষ ও কিশোর। স্থানীয় বাসিন্দারা জানান, রামানন্দ খাজুরা ইউনিয়নের বেলতা গ্রামে চার দিগন্ত নামে একটি ক্লাব গড়ে তোলেন স্থানীয় বিএনপি নেতা আনোয়ার, সাকিব, রেজা ও অনিকসহ কয়েকজন নেতাকর্মী। অভিযোগ রয়েছে, ওই ক্লাবে জুয়া খেলাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল গুটিয়েক ব্যক্তি।
তাদেরই ছত্রছায়ায় গত ১ জুলাই সকাল ৯টার দিকে দুটি খাস পুকুরে লাল পতাকা টাঙিয়ে দেয় ওই ক্লাবের সদস্যরা। গ্রামবাসী বিষয়টি জানতে পেরে পুকুর থেকে লাল পতাকাটি নামিয়ে ক্লাবের আঙিনায় রেখে আসে।
পরবর্তীতে ক্লাব ভাঙচুরের অভিযোগ এনে ওই দিন বিকেলেই থানায় অভিযোগ দায়ের করেন আনোয়ার হোসেন। অভিযোগ পেয়ে ওই রাতেই ২০-২৫ জনের পুলিশের একটি দল গ্রামে বাড়ি বাড়ি তল্লাশি চালায়। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় গ্রামবাসী হিরা বেগম, মিলন আলী মণ্ডল ও জয়নব খাতুন বলেন, ওই ক্লাবে নিয়মিত জুয়ার আসর বসতো। তারা বেশ কিছুদিন ধরে গ্রামবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা এবং একটি পুকুর ক্লাবের নামে লিখে দেওয়ার দাবি করে আসছিল। গ্রামের সাধারণ মানুষ তাদের এই অন্যায় দাবি মেনে নেয়নি দেখেই আজ আমাদের ওপর এই মিথ্যা হয়রানি।
আরও পড়ুনঅভিযুক্ত এবং মামলার বাদি আনোয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমি ফোনে কোনো বক্তব্য দেবো না। থানায় মামলা করেছি, মামলার আরজিতেই (নথিতে) আমার সব বক্তব্য দেওয়া আছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এই বিষয়ে সিংড়া থানায় আনোয়ার নামে একজন একটি মামলা দায়ের করেছেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছিল।
মন্তব্য করুন







