গাইবান্ধার সাঘাটায় স্বধর্মে ফেরায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের আমদিরপাড়া গ্রামে স্বধর্মে ফিরে আসাকে কেন্দ্র করে এক নারীকে গাছের সাথে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই নারী বর্তমানে বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতারণার মাধ্যমে পূর্বে ধর্মান্তরিত হওয়ার কিছুদিন পরই ওই নারী নিজের ভুল বুঝতে পেরে তার রেখে যাওয়া সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বাবার বাড়িতে অবস্থান নিয়ে পুনরায় আইন অনুযায়ী সনাতন ধর্মে ফেরেন এবং পূর্বের স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এদিকে ধর্মান্তরিত হওয়া নারীকে পুনরায় বিয়ে করার অপরাধে সমাজ থেকে স্বামীর পরিবারকে সমাজচ্যুত করা হয়।
এরপরও স্বামী এবং সন্তানের সাথে যোগাযোগের দীর্ঘ ৬ মাস পর গত ২৮ জুন সন্তানের সাথে বাড়িতে ফেরেন ওই নারী। পরদিন সমাজের লোকজন তাকে সমাজে পুনরায় স্থান পেতে হলে মাথা ন্যাড়া করার শর্ত দেয়। তিনি এতে অসম্মতি জানালে ওই নারীকে বাড়ি থেকে ধরে নিয়ে একটি নারকেল গাছের সাথে বেঁধে রেখে জনসম্মুখে মারধর ও মানসিক নির্যাতন করা হয় এবং তাকে অপমানজনক আচরণেরও শিকার হতে হয় বলে পরিবারের দাবি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ২২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নির্যাতনের একপর্যায়ে ওই নারীর ওড়না খুলে নেওয়া হয়। দৃশ্য দেখে এক কৃষক দর্শক তাকে নিজের গামছা ছুঁড়ে দিলে ওই নারী গামছা দিয়ে শরীর ঢাকার চেষ্টা করলে সেটিও খুলে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এমনটাও ভিডিওতে শোনা যায়। এছাড়া আরও দীর্ঘ সময় তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয় ।
আরও পড়ুনএ বিষয়ে সাঘাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার বলেন, কোনো ব্যক্তির ধর্মীয় বিশ্বাস বা স্বধর্মে ফিরে আসা সংবিধান স্বীকৃত অধিকার। এ ধরণের ঘটনায় আইন নিজের হাতে তুলে নিয়ে একজন নারীকে প্রকাশ্যে অপদস্থ ও নির্যাতনের অভিযোগ দেশের আইনের শাসন, মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে। লিখিত অভিযোগ পেলে এবং তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করবে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন




_medium_1782917492.jpg)
_medium_1782917108.jpg)

