ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ০৪:৩৩ পিএম

যৌন নির্যাতন মামলায় সুপ্রিম কোর্টে হারলেন ট্রাম্প

যৌন নির্যাতন মামলায় সুপ্রিম কোর্টে হারলেন ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যৌন নির্যাতন মামলার রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সুপ্রিম কোর্ট তার আপিল শুনতে রাজি না হওয়ায় আগের রায় বহাল থাকছে। ফলে ট্রাম্পকে লেখক ও সাংবাদিক ই. জিন ক্যারলকে ৫০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হবে।

২০২৩ সালে নিউ ইয়র্কের একটি জুরি রায় দেন, ১৯৯০-এর দশকে ট্রাম্প ক্যারলকে যৌন নির্যাতন করেছিলেন এবং পরে সামাজিক মাধ্যমে ঘটনাটিকে গুজব বলে উল্লেখ করে তার মানহানি করেন। এ কারণে জুরি ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। ট্রাম্প সব সময়ই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি ছিল, মামলার বিচারক এমন কিছু প্রমাণ উপস্থাপনের অনুমতি দিয়েছিলেন, যা জুরিদের কাছে তার ভাবমূর্তিকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে।

গত বছর একটি ফেডারেল আপিল আদালতও জুরির রায় বহাল রাখে এবং নতুন করে বিচারের প্রয়োজন নেই বলে জানায়। এরপর ট্রাম্প বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে যান। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্ট কেন মামলাটি গ্রহণ করেনি, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। এই আপিল ছিল জুরির সর্বসম্মত রায় বাতিলের জন্য ট্রাম্পের শেষ আইনি চেষ্টা। ফলে এখন তাকে ক্যারলকে নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করতে হবে।

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর ই. জিন ক্যারলের আইনজীবী রবার্টা কাপলান এক বিবৃতিতে বলেন, এই রায়ের মাধ্যমে জুরি যে সিদ্ধান্ত দিয়েছিল, তা চূড়ান্তভাবে বহাল থাকল। তা হলো, ডোনাল্ড ট্রাম্প ক্যারলকে যৌন নিপীড়ন ও মানহানি করেছেন। তিনি বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে ট্রাম্পের একের পর এক আপিল ব্যর্থ হয়েছে। আজকের সিদ্ধান্তের মাধ্যমে তার কৃতকর্মের দায় এড়ানোর সব প্রচেষ্টার অবসান ঘটেছে।’ 

আরও পড়ুন

অন্যদিকে, রায় ঘোষণার পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি মামলাটিকে ‘হাস্যকর মানহানির দাবি’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আইনি লড়াই’ বলে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, তিনি এই মামলার বিরুদ্ধে সমস্ত শক্তি ও সামর্থ্য দিয়ে লড়াই চালিয়ে যাবেন। তিনি আরো দাবি করেন, ‘এই মামলাটি শুধু আমার বিরুদ্ধে নয়, বরং যুক্তরাষ্ট্র ও তার মূল্যবোধের বিরুদ্ধে। ভবিষ্যতে কোনো প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট প্রার্থীর ক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে দেওয়া উচিত নয়।’ 

ট্রাম্পের দাবি, তাকে লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে একটি বিশেষ আইন ব্যবহার করা হয়েছে, যা বহু বছর আগের অভিযোগের ভিত্তিতে মামলা করার সুযোগ দিয়েছে। তিনি বলেন, ‘এই আইনটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল এবং এমন অবিচার চলতে দেওয়া যায় না।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন নির্যাতন মামলায় সুপ্রিম কোর্টে হারলেন ট্রাম্প

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নারী-শিশুসহ আহত ২৫

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

যোগ্য দল হিসেবেই জিতেছে ব্রাজিল : আনচেলত্তি

সম্পত্তি বিরোধে বাবা ও সৎভাইকে হত্যা : দুই ভাই গ্রেফতার

মুন্সীগঞ্জে নদীতে ভাসমান ফিলিং স্টেশনে আগুন