বগুড়ায় ব্রাজিল-জাপান ফুটবল উন্মাদনায় জমজমাট আজিজুল হক ক্যাম্পাস
শহর প্রতিনিধি(বগুড়া): বগুড়ায় সোমবার মধ্যরাতে ব্রাজিল-জাপান ম্যাচ উপভোগ করতে সরকারি আজিজুল হক কলেজে ছিল উপচে পড়া ভিড়। রাত ১১টায় ম্যাচ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় কলেজের নতুন ভবনের বটতলা মিনি স্টেডিয়াম।
কলেজ ছাত্রদলের এই আয়োজনে জহুরুলনগর, কামারগাড়ি, পুরান বগুড়া, জামিলনগর, মালগ্রাম, সবুজবাগ, সেউজগাড়ী, তিনমাথা, চারমাথা-সহ মহানগরের বিভিন্ন এলাকা থেকে ব্রাজিল ফুটবল দলের ভক্তরা দলে দলে যোগ দেন। আশেপাশের মেসবাড়ি থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয়রাও আসেন বড় পর্দায় ম্যাচ দেখতে। শিশু, কিশোর, নারী-পুরুষ সমর্থকদের উপস্থিতিতে বর্ণিল হয়ে ওঠে চারপাশ। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব থার্টি-টুর এই ম্যাচটি ব্রাজিল ও জাপান — উভয় দলের জন্যই ছিল সমান গুরুত্বপূর্ণ।
শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। প্রথমার্ধে জাপান শাসন করে ব্রাজিলকে। ২৯ মিনিটে জাপানের মিডফিল্ডার কাইশু সানো বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি গোল করে এগিয়ে দেন দলকে। একগোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জাপান। দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ বদলে যায় চিত্র। ৫৬ মিনিটে ক্যাসেমিরো পেছনের পোস্টে হেডে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান।উভয় দল জয়সূচক গোলের সন্ধান করতে থাকে। ম্যাচের ৯৬ মিনিটে বদলি ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলি ব্রুনো গুইমারেসের অ্যাসিস্টে জয়সূচক গোলটি করেন, এবং জাপানের বিশ্বকাপে প্রথম নকআউট জয়ের স্বপ্ন চুরমার করে দেন। বিজয় গোল উদযাপনের সময় সরেজমিমে দেখা যায়, খেলার শুরুতে অন্য দলের জার্সি পড়ে ঘুরতে থাকা অনেক গুপ্ত ব্রাজিল সমর্থকদের জার্সি পরিবর্তন করতে দেখা যায়। এ নিয়েও দেখা যায় নানা হাসি ঠাট্টা ভক্ত সমর্থকদের উদযাপন।
উল্লাসে ভুভুজেলা বাজিয়ে, আতশবাজি পুড়িয়ে এবং ব্রাজিল ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে বটতলার চারপাশ। কষ্টার্জিত ২-১ গোলের জয়ে শেষ ষোলোয় প্রবেশ করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এদিকে, বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র জাপানের বিদায়ে নিরব হয়ে পড়েন আর্জেন্টাইন সমর্থকরা। তবে আর্জেন্টিনা সমর্থকরা আজকের ম্যাচে নিজেদের দলের কোনো স্বার্থ না থাকায় বেশ নির্ভার ছিলেন। হাইড্রেশন ব্রেক ও বিরতিতে অনেক আর্জেন্টাইন সমর্থক খুনসুটিতে মেতে ওঠেন বন্ধু ও সহপাঠী ব্রাজিল সমর্থকদের সঙ্গে।
আরও পড়ুনএটি ছিল ব্রাজিলের হাফটাইমে পিছিয়ে থেকে নকআউট পর্বে জয়ের প্রথম ঘটনা ১৯৩৮ সালের পর থেকে। ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ আয়োজনে। সেবার ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতে সেলেসাওরা। চলতি বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলের অধিনায়কত্ব করছেন পিএসজির সেন্টার-ব্যাক মার্কিনিওস, যাকে কোচ কার্লো আনচেলত্তি এই দায়িত্ব দিয়েছেন।
৩২ বছর বয়সী এই ডিফেন্ডার নিজেই বলেছেন, এটি বিশ্বকাপ জেতার তাঁর শেষ সুযোগ। অন্যদিকে দীর্ঘ চোট-বিরতির পর নেইমার দলে ফিরে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে মাঠে নেমেছিলেন। ব্রাজিল এখন শেষ ষোলোয় আইভরি কোস্ট অথবা নরওয়ের মুখোমুখি হবে।
কলেজ বটতলা মিনি স্টেডিয়ামে গত সপ্তাহের বুধবার (২৫ জুন) কলেজ ছাত্রদলের আয়োজনে আর্জেন্টিনা বনাম জর্ডানের ম্যাচও এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, শেষ ষোলোয় আর্জেন্টিনার ম্যাচটিও এখানে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন








