ইরানের হামলায় বাহরাইনে ধ্বংসযজ্ঞ
আন্তর্জাতিক ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানের হরমুজ উপকূলবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত আটটি মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত হানার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর মধ্যে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছে তারা।
তবে, এসব হামলায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন এক মার্কিন কর্মকর্তা। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বলেছে, ইরানের হামলায় দেশটির রাজধানী মানামায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পোস্টে ধ্বংসস্তূপে পরিণত হওয়া সেই ভবনের ছবিও শেয়ার করেছে তারা। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ ঘটনার আগে দীর্ঘ সময় ধরে বাহরাইনজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। কর্তৃপক্ষ নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার, নিরাপত্তা নির্দেশনা মেনে চলার এবং পরিস্থিতির সর্বশেষ তথ্যের জন্য কেবল সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুনএদিকে ইরানের পাল্টা হামলার নিন্দা জানিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের হামলাকে ‘সার্বভৌমত্বের চরম লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করে দেশটি এক বিবৃতিতে বলেছে, উত্তেজনা নিরসনে চলমান আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রচেষ্টাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় যেকোনও পদক্ষেপ নেয়ার অধিকার কুয়েতের রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে দেশটি। খবর : আল জাজিরা।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








