ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ০৮:০৪ পিএম

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, যাদের বিদায় নিশ্চিত

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, যাদের বিদায় নিশ্চিত

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নকআউট পর্বের চিত্র ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত এই বিশ্বকাপে নতুন সংযোজন ‘রাউন্ড অব ৩২’। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এই পর্ব, যেখানে জায়গা করে নেবে ৩২টি দল।

নকআউটে ওঠার নিয়ম কী?

নতুন নিয়ম অনুযায়ী ১২টি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুই দল সরাসরি রাউন্ড অব ৩২-এ উঠবে। পাশাপাশি ১২টি গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা আট দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।

রাউন্ড অব ৩২ শেষে শুরু হবে রাউন্ড অব ১৬। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল। আগামী ১৯ জুলাই হবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াই। টুর্নামেন্টের সূচি অনুযায়ী গ্রুপ পর্ব চলবে ২৭ জুন পর্যন্ত। রাউন্ড অব ১৬ অনুষ্ঠিত হবে ৪ থেকে ৭ জুলাই, কোয়ার্টার ফাইনাল ৯ থেকে ১১ জুলাই, সেমিফাইনাল ১৪ ও ১৫ জুলাই এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে ১৮ জুলাই।

টাইব্রেকারে নতুন নিয়ম

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম সমান পয়েন্ট পাওয়া দলগুলোর মধ্যে অবস্থান নির্ধারণে গোল ব্যবধানের আগে হেড-টু-হেড ফলাফলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফিফার এই নতুন নিয়মের প্রভাব ইতোমধ্যেই দেখা গেছে।

এই নিয়মের কারণে হাইতি, তুরস্ক, তিউনিসিয়া ও জর্ডানের বিদায় নিশ্চিত হয়েছে। কারণ নিজেদের গ্রুপের তৃতীয় স্থানে থাকা প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তারা হেরে যাওয়ায় আর সেরা তৃতীয় দল হওয়ার দৌড়ে টিকে থাকার সুযোগ নেই।

সমান পয়েন্ট হলে যেভাবে নির্ধারণ

একই গ্রুপে দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে প্রথমে বিবেচনা করা হবে সংশ্লিষ্ট দলগুলোর পারস্পরিক ম্যাচে অর্জিত পয়েন্ট। এরপর দেখা হবে সেই ম্যাচগুলোর গোল ব্যবধান এবং করা গোলসংখ্যা।

এতেও সমাধান না হলে বিবেচনায় আসবে গ্রুপের সব ম্যাচ মিলিয়ে গোল ব্যবধান, মোট গোলসংখ্যা এবং হলুদ-লাল কার্ডের ভিত্তিতে ফেয়ার প্লে রেকর্ড। সবশেষে প্রয়োজন হলে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের অবস্থান ব্যবহার করা হবে।

অন্যদিকে সেরা আট তৃতীয় স্থানধারী দল নির্ধারণে বিবেচনা করা হবে অর্জিত পয়েন্ট, গোল ব্যবধান, গোলসংখ্যা, ফেয়ার প্লে রেকর্ড এবং প্রয়োজনে ফিফা র‌্যাঙ্কিং।

নকআউট নিশ্চিত করেছে যেসব দল

আরও পড়ুন

সহ-আয়োজক মেক্সিকোই প্রথম দল হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে। গ্রুপ ‘এ’-তে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নেয় তারা। এর আগে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছিল মেক্সিকানরা।

গ্রুপ ‘ডি’-তে টানা দুই জয়ে নকআউট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পায় স্বাগতিকরা।

জার্মানি গ্রুপ ‘ই’ থেকে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়ার পর আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রাশিয়া ২০১৮ ও কাতার ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এবার দারুণ প্রত্যাবর্তন হয়েছে তাদের।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও নকআউট নিশ্চিত করেছে দাপটের সঙ্গে। গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ৩২-এ ওঠার পাশাপাশি শীর্ষস্থানও নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। ম্যাচে জোড়া গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকও করেছিলেন তিনি।

গ্রুপ ‘আই’-তে নকআউট নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। ফ্রান্স ইরাককে ৩-০ গোলে হারিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেয়। ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করে নরওয়ে। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে টানা দুই জয়ে দারুণ সূচনা করেছে স্ক্যান্ডিনেভিয়ান দলটি।

বিদায় নিশ্চিত যাদের

গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা দলটি প্রথম ম্যাচেও স্কটল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল।

গ্রুপ ‘ডি’-তে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিশ্চিত হয় তুরস্কের। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষেও হার দেখেছিল তারা। ২৪ বছর পর বিশ্বকাপে ফিরে হতাশাজনক সমাপ্তি ঘটল ইউরোপের দলটির।

তিউনিসিয়ার বিশ্বকাপ অভিযানও শেষ হয়েছে গ্রুপ পর্বেই। গ্রুপ ‘এফ’-এ জাপানের কাছে ৪-০ গোলে হারার আগে প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল উত্তর আফ্রিকার দেশটি।

অন্যদিকে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া জর্ডানের স্বপ্নভঙ্গ হয়েছে গ্রুপ ‘জে’-তে। আলজেরিয়ার কাছে ২-১ গোলে হেরে তাদের বিদায় নিশ্চিত হয়। প্রথম ম্যাচেও অস্ট্রিয়ার বিপক্ষে হারতে হয়েছিল দলটিকে। ফলে অভিষেক বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো মধ্যপ্রাচ্যের প্রতিনিধিদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, যাদের বিদায় নিশ্চিত

ঘরোয়া আয়োজনে নতুন জীবন শুরু করবেন আমির

প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় নদীতে ঝাঁপ কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা

বগুড়ার গাবতলীতে নারীর নগ্ন ছবি ধারণ, গ্রেফতার -১

মাগুরার মাঝিপাড়ায় দুটি মেছো বাঘের শাবক উদ্ধার

প্রাণ গ্রুপে সেলস ম্যানেজার নিয়োগ, স্নাতক পাসেই আবেদন