মেসির ক্লাবে যোগ দিচ্ছেন ক্যাসেমিরো
স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে। ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো বিশ্বকাপ শেষে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে সম্মত হয়েছেন বলে জানা গেছে।ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর থেকেই ৩৪ বছর বয়সি এই মিডফিল্ডারকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল একাধিক ক্লাব। এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির পাশাপাশি এলএ গ্যালাক্সিও তাকে দলে ভেড়ানোর চেষ্টা চালায়। এছাড়া সৌদি প্রো লিগ থেকেও প্রস্তাব ছিল। তবে শেষ পর্যন্ত লিওনেল মেসির ক্লাবই যোগ দিচ্ছেন তিনি।
বিশ্বস্ত ট্রান্সফার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, বিশ্বকাপ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মায়ামিতে যোগ দেবেন ক্যাসেমিরো।গত মৌসুম শেষে অবসর নেয়া সার্জিও বুসকেতসের শূন্যতা এখনো পূরণ করতে পারেনি ইন্টার মায়ামি। ডেভিড আয়ালা ও ইয়ানিক ব্রাইটকে দলে আনা হলেও মাঝমাঠে কাঙ্ক্ষিত স্থিতি পায়নি দলটি। সেই ঘাটতি পূরণে ক্যাসেমিরোকে আদর্শ সমাধান হিসেবে দেখছে ক্লাব কর্তৃপক্ষ।তবে তিনি শুরুতে ‘ডিজাইনেটেড প্লেয়ার’ চুক্তিতে যোগ দিচ্ছেন না। বর্তমানে মেসি, রদ্রিগো ডি পল এবং জার্মান বেরতেরামের মাধ্যমে মায়ামির তিনটি ডিপি স্থান পূর্ণ রয়েছে। ভবিষ্যতে নতুন চুক্তির মাধ্যমে তার বেতন কাঠামো পরিবর্তনের সুযোগ থাকছে।
এদিকে বিশ্বকাপ চলাকালেই আরও কয়েকজন তারকা ফুটবলারের এমএলএসে যোগ দেয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ফরাসি তারকা গ্রিজম্যান ইতোমধ্যে অরল্যান্ডো সিটিতে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করেছেন। অন্যদিকে, রবার্ট লেভানডোভস্কি শিকাগো ফায়ারে যাওয়ার কাছাকাছি বলে জানা গেছে।
মন্তব্য করুন









