বগুড়ায় যৌতুক না পেয়ে গৃহবধূকে এসিড নিক্ষেপ, স্বামী পলাতক
স্টাফ রিপোর্টার : বগুড়ায় কনা খাতুন (২২) নামে এক গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে। যৌতুকের টাকা না পেয়ে স্বামী তার প্রতি এসিড ছুঁড়ে মারে বলে অভিযোগ উঠেছে। গত ১৬ জুন মঙ্গলবার রাতে বগুড়া শহরতলির বারপুর দক্ষিণ পাড়ায় স্বামীর বাড়িতে এঘটনা ঘটে।
এসিডে দগ্ধ ওই গৃহবধূ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। স্বামী পালিয়েছে। তবে এঘটনার তিনদিন পেরিয়ে গেলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত থানায় কোন মামলা করা হয়নি।
স্বজনরা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামী জিহাদ ইসলাম তার স্ত্রী কনা খাতুনের পরিবারের কাছে যৌতুক হিসাবে মোটা অংকের টাকা দাবি করে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে যৌতুকের টাকার জন্য জিহাদ ফের তার স্ত্রী কনাকে চাপ দেয়। কিন্তু কনা খাতুন তার বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে জিহাদ ঘরে থাকা এসিড নিক্ষেপ করে তার স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে ঝলসে দেয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়া হয়। এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি মো: ইব্রাহীম আলী বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিকভাবে তিনি উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: জালাল উদ্দিনকে ওই হাসপাতাল ও ভুক্তভোগীর বাড়িতে পাঠান।
আরও পড়ুনতিনি ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রাথমিক তথ্য নিয়ে এসেছেন। ভুক্তভোগীকে থানায় মামলা দায়ের করার পরামর্শ দেয়া হয়েছে। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ মামলা করতে আসেনি। উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: জালাল উদ্দিন বলেন, ভুক্তভোগী গৃহবধূ কনা খাতুন তাকে জানান, যৌতুকের টাকার জন্যই তার স্বামী সিএনজি অটোচালক জিহাদ ইসলাম তাকে এসিড মেরেছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দিয়েছিলেন।
তার বাম পা ও বাম হাতে কিছু অংশ দগ্ধ হয়েছে। দগ্ধ হওয়ার পরের দিন ১৭ জুন বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেয়া হয়েছে। তার বাড়িতেই চিকিৎসা চলছে। চিকিৎসকরা বলেছেন, ওই গৃহবধূর শরীরের ওই দুটি অংশে মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। তবে এসিডেই পুড়ে গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ইন্সপেক্টর জালাল আরো বলেন, ওই গৃহবধূকে থানায় মামলা করতে পরামর্শ দেয়া হয়েছে। তার স্বামী পলতক রয়েছে।
মন্তব্য করুন






