প্রকাশ : ১৫ জুন, ২০২৬ ০৮:৪১ পিএম
দুদক এর মামলায় আত্মগোপনে থাকা সাবেক এমপি বাবলুর তামিল হয়নি পরোয়ানা
দুদক এর মামলায় আত্মগোপনে থাকা সাবেক এমপি বাবলুর তামিল হয়নি পরোয়ানা
কোর্ট রিপোর্টার : তথ্য গোপন করে জ্ঞাত আয় বর্হিভুতভাবে ১ কোটি ২ লাখ ৬ হাজার ২৯৩ টাকার মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলায় বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম বাবলু (৬৩) এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও হুলিয়া জারির আদেশ হলেও তিনি আত্মগোপেনে থাকায় পুলিশ আজও তা তামিল করতে পারেনি।
গত ৫ জানুয়ারি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির ওই আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে বর্ণিত ধারায় অভিযোগ আমলে নিয়ে ওই আদেশ দেন। এই মামলায় তার স্ত্রী বিউটি খাতুন আদালতে হাজির হয়ে জামিনে আছেন।
উল্লেখ্য, সাবেক এমপি রেজাউল করিম বাবলু এবং তার স্ত্রী বিউটি খাতুনের বিরুদ্ধে দুদক থেকে পৃথক পৃথকভাবে তাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করা হয়। ওই নোটিশ প্রাপ্তির পর রেজাউল করিম বাবলু এবং তার স্ত্রী বিউটি খাতুন পৃথকভাবে তাদের সম্পদের বিবরণী দুদক বগুড়া জেলা কার্যালয়ে দাখিল করেন।
উক্ত সম্পদ বিবরণী দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে যাচাই ও অনুসন্ধান করে দুদক জেলা কার্যালয়ের বগুড়ার তৎকালীন উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদি হয়ে বিগত ২০২৪ সালের ২৫ মার্চ ওই দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলাটি দুদক বগুড়া জেলা কার্যালয়ের এডি জাহিদুল ইসলাম তদন্ত শেষে ওই আসামিদের বিরুদ্ধে তথ্য গোপন করে জ্ঞাত আয় বর্হিভুতভাবে ১ কোটি ২ লাখ ৬ হাজা ২৯৩ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ায় দুদক আইনে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামি রেজাউল করিম বাবলু শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর আকন্দপাড়ার মৃত ময়েন উদ্দিন গোলবাগীর ছেলে।
এছাড়াও অপর মামলায় তথ্য গোপন করে জ্ঞাত আয় বর্হিভুতভাবে অবৈধ ৭৭ লাখ ৩৮ হাজার ২৭৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনে দায়েরকৃত অপর মামলায় সাবেক ওই সংসদ সদস্যের বিরুদ্ধে দুদক দাখিলী অভিযোগ পত্রগ্রহণ করে স্পেশাল জজ আদালত কর্তৃক আসামি বাবলুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও হুলিয়া জারির আদেশ দেওয়া হয়।
আজ সোমবার (১৫ জুন) বিকেলে শাজাহানপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জানান, তারা আসামি রেজাউল করিম বাবলুর বিরুদ্ধে সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে ইস্যুকৃত দুদক’র পৃথক দু’টি মামলার গ্রেফতারী পরোয়ানা পেয়েছেন তবে আসামি আত্মগোপনে থাকায় পুলিশ তা তামিল করতে পারেনি। তিনি আরও জানান, রেজাউল করিম বাবলুকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন






