৫২ বছর অপেক্ষার পরও হাসতে পারল না হাইতি
বোস্টনে হাইতিকে ১-০ ব্যবধানে হারিয়েছে স্কটিশরা
স্পোর্টস ডেস্ক: বোস্টনের স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে হাইতিকে ১-০ ব্যবধানে হারিয়েছে স্কটিশরা। ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে ম্যাকগিনের পা থেকে।
বিশ্বমঞ্চে ফিরতে হাইতিকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৫২ বছর। ১৯৭৪ সালের পর আবারও বিশ্বকাপের মঞ্চে নামা ক্যারিবীয় দেশটি স্বপ্ন দেখেছিল রূপকথার প্রত্যাবর্তনের। কিন্তু সেই গল্পের শুরুটা সুখের হলো না। আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পেল না হাইতি, আর জন ম্যাকগিনের একমাত্র গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে জয়ের স্বাদ পেল স্কটল্যান্ড।
এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে স্কটল্যান্ড। অন্য ম্যাচে ব্রাজিল ও মরক্কো ১-১ গোলে ড্র করায় তারা এক পয়েন্ট করে নিয়ে রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
ফিফা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতি ম্যাচে সাহসী ফুটবলই খেলেছে। বল দখলে ছিল ৫৪ শতাংশ, শট নিয়েছে ১৫টি, যার দুটি ছিল লক্ষ্যে। বিপরীতে স্কটল্যান্ডের ৯টি শটের মধ্যে লক্ষ্যে ছিল দুটি।ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। স্কট ম্যাকটমিনের জোরালো শট গোলরক্ষককে পরাস্ত করলেও বাঁচিয়ে দেয় পোস্ট।
আরও পড়ুনতবে ২৮ মিনিটে আর ভুল করেনি স্কটিশরা। ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত দৌড়ে বক্সে ঢুকে পড়েন বেন গ্যানন-ডোক। তার বাড়ানো বলে প্রথম শট নিয়েছিলেন চে অ্যাডামস। হাইতির গোলরক্ষক জনি প্লাসাইড তা ঠেকালেও ফিরতি বলে জোরালো শট নেন জন ম্যাকগিন। ডিফেন্ডারের গায়ে লেগে বলের দিক বদলে জালে জড়িয়ে গেলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্কটল্যান্ড।
বিরতির পর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় হাইতি। একের পর এক আক্রমণ, দ্রুতগতির পাল্টা আক্রমণ—সবই ছিল তাদের খেলায়। কিন্তু শেষ পর্যন্ত স্কটল্যান্ডের রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা।
ফলে ম্যাকগিনের একমাত্র গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। ৩৬ বছর পর বিশ্বকাপে জয় তুলে নেয় স্কটল্যান্ড, আর ৫২ বছরের অপেক্ষার পর বিশ্বমঞ্চে ফিরে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় হাইতিকে। আগামী ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে স্কটল্যান্ড, অন্যদিকে বিশ্বকাপে প্রথম পয়েন্ট ও প্রথম জয়ের খোঁজে নামবে হাইতি।
মন্তব্য করুন






_medium_1781381265.jpg)

