ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৬ ০৮:০১ এএম

সীমান্ত হত্যা শূন্যে নামাতে সম্মত বিজিবি-বিএসএফ

ছবি, সংগৃহীত, সীমান্ত হত্যা শূন্যে নামাতে সম্মত বিজিবি-বিএসএফ

সীমান্তে সাম্প্রতিক পুশ-ইন, হত্যা ও অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে গভীর উদ্বেগ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যৌথ উদ্যোগ জোরদারে একমত হয়েছে দুই বাহিনী।

শুক্রবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ থেকে ১১ জুন ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৪ সদস্যের এবং বিএসএফ মহাপরিচালক প্রবীন কুমারের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক সীমান্তে বিএসএফ সদস্য ও ভারতীয় নাগরিকদের হাতে বাংলাদেশিদের নিহত ও আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ধরনের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান জানান। জবাবে উভয় পক্ষ সীমান্ত নিরাপত্তা জোরদার, যৌথ টহল বৃদ্ধি, নজরদারি বাড়ানো এবং অবৈধ সীমান্ত পারাপার রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় সম্মত হয়।

আরও পড়ুন

রোহিঙ্গাসহ বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের ঘটনাও আলোচনায় গুরুত্ব পায়। বিজিবি জানায়, এ ধরনের কার্যক্রম বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি ও সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালার পরিপন্থী। পুশ-ইনের শিকার অনেক ব্যক্তি অসুস্থ ও মানবিক সংকটে রয়েছেন বলেও উল্লেখ করা হয়। এ বিষয়ে বিজিবি বিএসএফকে পুশ-ইন বন্ধ করে প্রচলিত প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানায়।

এছাড়া সীমান্তে বেড়া নির্মাণ, মাদক ও চোরাচালান, মানবপাচার, অবৈধ অভিবাসন, রোহিঙ্গা ইস্যু, জাল মুদ্রা ও স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আগামী নভেম্বর মাসে ঢাকায় পরবর্তী মহাপরিচালক পর্যায়ের সম্মেলন আয়োজনের ব্যাপারেও প্রাথমিকভাবে সম্মত হয়েছে দুই পক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার ব্যবস্থাপনা কমিটিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন আগামী বছর : ত্রাণমন্ত্রী

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য আটক

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

নরসিংদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩৭

সীমান্তে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ