রংপুর মেট্রো ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি ও ইয়াবাসহ গ্রেফতার ৮
রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে রাতভর মেট্রোপলিটন ডিবির পৃথক সাঁড়াশি অভিযানে অনলাইন জুয়াড়ি ও ইয়াবাসহ ৮ জন গ্রেফতার করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় মাদক ও জুয়া বিরোধী চলমান বিশেষ অভিযানে মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ পৃথক চারটি অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং অনলাইন জুয়ার সাথে জড়িতদের আটক করেছে।
মেট্রোপলিটন ডিবি গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার (১২ জুন) ভোর পর্যন্ত পরিচালিত ধারাবাহিক অভিযানে হারাগাছ, কোতয়ালী ও হাজীরহাট থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করে। এর মধ্যে মাদকদ্রব্য ইয়াবাসহ ৫ জন এবং অনলাইন জুয়া খেলা অবস্থায় ৩ জনকে আটক করা হয়েছে। অভিযানগুলোতে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পাশাপাশি অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আজ শুক্রবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।
আরও পড়ুনমেট্রোপলিটন ডিবি পুলিশ জানায়, হারাগাছ থানার দালালহাট ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে ৫০পিস ইয়াবাসহ মো. আব্দুর রউফ ওরফে ভূত (৫৫) এবং মো. মাইদুল ইসলামকে (৩৮) গ্রেফতার করা হয়। একই এলাকায় অনলাইন জুয়া খেলা অবস্থায় মো. আতিকুজ্জামান তন্ময় (২৫), মো. তইবুল ইসলাম এবং মো. সাব্বির হোসেনকে (২৬) আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। কোতয়ালী থানার দেওয়ানবাড়ী রোডস্থ দেওয়ানবাড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে ১৫পিস ইয়াবাসহ মো. সাব্বির হোসেনকে (২৯) গ্রেফতার করা হয়।
অপরদিকে হাজীরহাট থানার বখতিয়ারপুর পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫পিস ইয়াবাসহ মো. শাহ্ জালাল (২২) এবং মো. বাপ্পী মিয়াকে (২৬) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন







