নাটোরে ‘খ্যাপা’ বানরের তাণ্ডব প্রতিকার চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন
নাটোর প্রতিনিধি: নাটোর পৌরসভার লালবাজার মহল্লায় মানুষের স্বাভাবিক কোলাহল ছাপিয়ে নিজের আস্তানা গড়ে তুলেছে এক ‘খ্যাপা’ বানর। তিন মাস আগে হঠাৎ করে আসা এই প্রাণীটি বসবাস করছে জনবহুল এলাকায়। এখন বানরের ভয়ে দিন কাটে মহল্লাবাসীর। মানুষের ওপর এই প্রাণীর আক্রমণের বহর দেখে আঁতকে উঠছেন চিকিৎসকরাও।
স্থানীয়রা জানান, ঘরের দরজা-জানালা খোলা পেলেই ঘরে ঢুকে পড়ে বানরটি। এছাড়া ছাদ বা রান্নাঘর দিয়ে ঢুকেও বাসা-বাড়ির সব তছনছ করে ফেলে। হোটেল-দোকানের খাবার থেকে শুরু করে বাড়ির খাবার টেবিলের সবকিছুই যেন এখন তার দখলদারিতে। এদিকে, বানরের ভয়াবহ কামড় ও আঁচরে হতাহতের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। বানরের ভয়ে বাড়ির শিশুদের একা বের করা যায় না। পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় জেলা প্রশাসকের কাছে গণস্বাক্ষর দিয়ে আবেদন করা হয়েছে।
নাটোর সদর হাসপাতালের হিসাব অনুযায়ী, গত তিন মাসে অন্তত ৩২ জন মানুষ এই প্রাণীর আক্রমণের শিকার হয়েছেন। পারভিন আক্তার নামে এক নার্স জানান, নিয়মিত বিরতিতে জলাতঙ্কের টিকা দিতে দিতে ক্লান্ত। অনেকে তো বাইরে থেকেও টিকা নিচ্ছেন, প্রকৃত সংখ্যা হয়তো আরও বেশি হবে।
আরও পড়ুনবন বিভাগের রাজশাহী কার্যালয়ের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, বানরটি সম্ভবত ভারসাম্য হারিয়ে ফেলেছে। এর আচরণ অস্বাভাবিক। বারবার ফাঁদ পেতেছি, কিন্তু প্রাণীটি এতই চতুর যে প্রতিবারই সে পালিয়ে গেছে।
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত বলেন, মহল্লাবাসীর আবেদন গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বন বিভাগের সাথে জরুরি বৈঠক করে এই অবস্থা থেকে নাগরিকদের দ্রুত মুক্ত করতে কাজ করা হচ্ছে।
মন্তব্য করুন







