ঢাকায় ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ গেল সোমার
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ঢাকায় ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহতাবস্থায় ৫দিন আইসিইউতে থাকার পর মারা গেলেন সোহেলী ইসলাম সোমা (৪২)। মৃত সোমা পার্বতীপুর শহরের সাহেবপাড়া রেলওয়ে কলোনি এলাকার মৃত মাহাবুবুল ইসলাম বুলবুলের মেয়ে। তিনি ঢাকায় ধানমন্ডি সেন্ট্রাল রোডে ভাড়া বাসায় থেকে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
জানা যায়, ঈদের ছুটি শেষে গত ৬ জুন রাতে পার্বতীপুর থেকে একটি নাইটকোচে ঢাকার উদ্দেশে রওনা দেন সোমা। পরদিন ৭ জুন ভোরে গাবতলী বাসটার্মিনালে নেমে বাসায় যান। বাসায় ফিরে তৈরি হয়ে দ্রুত অফিসে যাবার তাড়া ছিল তার। তাই মেয়েকে সাথে নিয়ে একটি অটোরিকসায় রওনা দেন। রিকসাটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কাছে পৌঁছলে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা সোমার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় ব্যাগ ধরে টান দিলে তিনি রাস্তার পাশে থাকা ডিভাইডারের ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করে তাকে লাইফ সাপোর্টে (আইসিইউ) রাখা হয়। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার ভোরে সোমা মারা যান। তার নানার বাড়ি ঈশ্বরদী শহরে এনে বিকেলে দাফন করা হয়।
আরও পড়ুননিহতের ফুফাতো ভাই সরোয়ার পারভেজ সবুজ জানান, সোমার বাবা-মা অনেক আগেই মারা গেছেন। তার কোনো ভাই-বোনও নেই। একমাত্র মেয়ে নওমী ইসলাম ঢাকার একটি কলেজে অনার্সে পড়াশোনা করছেন। মায়ের চাকরির আয়ে তার লেখাপড়ার খরচ চলতো।
মন্তব্য করুন







