ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ১২:৪০ এএম

মাঠে নামলেই ব্রাজিলের রেকর্ড ভাঙবে মেক্সিকো

ছবি, সংগৃহীত, মাঠে নামলেই ব্রাজিলের রেকর্ড ভাঙবে মেক্সিকো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছে মেক্সিকো। ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামার মাধ্যমে তারা সবচেয়ে বেশি উদ্বোধনী ম্যাচ খেলার কীর্তি এককভাবে নিজেদের করে নেবে। এতদিন এই রেকর্ডে ব্রাজিলের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল উত্তর আমেরিকার দেশটি।

তবে এই রেকর্ড মেক্সিকোর জন্য খুব সুখকর নয়। কারণ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এখনো জয়হীন তারা। আগের সাতটি উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর অর্জন মাত্র দুটি ড্র, বাকি পাঁচটিতেই হার। এসব ম্যাচে তারা গোল করেছে মাত্র দুটি, বিপরীতে হজম করেছে ১৯টি।

বিশ্বকাপের প্রথম দিকের আসরগুলোতে তাদের অবস্থা ছিল আরও হতাশাজনক। প্রথম পাঁচটি উদ্বোধনী ম্যাচে টানা হারের পাশাপাশি তারা ১৮ গোল হজম করেছিল এবং গোল করতে পেরেছিল মাত্র একবার। ১৯৫০ সালে ৪-০ ও ১৯৫৪ সালে ৫-০ ব্যবধানে ব্রাজিলের কাছে হার এখনও তাদের সবচেয়ে বাজে স্মৃতিগুলোর একটি।

তবে সময়ের সঙ্গে কিছুটা পরিবর্তন এসেছে। ১৯৭০ সালে স্বাগতিক হিসেবে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে গোলশূন্য ড্র করে মেক্সিকো। আর ২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা।

আরও পড়ুন

মজার বিষয় হলো, ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আবারও মুখোমুখি হচ্ছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো এই দুই দল উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে। বিশ্বকাপ ইতিহাসে একই দুই দলের ম্যাচ দ্বিতীয়বার একক উদ্বোধনী ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হওয়ার ঘটনা এটিই প্রথম।

এবার তাই শুধু বিশ্বকাপের পর্দা তোলাই নয়, উদ্বোধনী ম্যাচে প্রথম জয়ের অপেক্ষাও শেষ করতে চাইবে মেক্সিকো। কোচ হাভিয়ের আগুইরের দল সেই ইতিহাস গড়তে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামলেই ব্রাজিলের রেকর্ড ভাঙবে মেক্সিকো

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

জমকালো আয়োজনে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের

জয়পুরহাটের পাঁচবিবিতে আঙ্গুর চাষে সফল আবু হুরায়রা

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনির সামনে গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা

নীলফামারীর ডোমারে বসতবাড়িতে গাঁজা চাষ যুবক গ্রেফতার