ভিডিও সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুন, ২০২৬, ০৮:০১ রাত

বগুড়াসহ উত্তরাঞ্চলের ৪০ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের প্রক্রিয়া শুরু

বগুড়াসহ উত্তরাঞ্চলের ৪০ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের প্রক্রিয়া শুরু

স্টাফ রিপোর্টার : দীর্ঘমেয়াদি শিক্ষার্থী সংকটের কারণে বগুড়াসহ উত্তরাঞ্চলের ১৪টি জেলার ৪০টি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদান অনুমোদন বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। গত ৪ জুন কারিগরি শিক্ষা বোর্ডের উপসচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দিয়ে আগামী ১৮ জুনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কারিগরী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শুধু উত্তরাঞ্চলই নয়, একই কারণে সারা দেশের মোট ১৪৭টি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে এই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বোর্ডের দেওয়া তালিকা অনুযায়ী, উত্তরাঞ্চলের মধ্যে রাজশাহী বিভাগের ৮ জেলার ৩৩টি প্রতিষ্ঠান এবং রংপুর বিভাগের ৬ জেলার ৭টি প্রতিষ্ঠান এই শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান রয়েছে বগুড়া জেলায়।

জেলাভিত্তিক তালিকায় বগুড়ার ৮টি, নওগাঁর ৭টি, রাজশাহীর ৬টি, চাঁপাইনবাবগঞ্জের ৩টি, জয়পুরহাটের ২টি এবং সিরাজগঞ্জের ১টি প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া রংপুর বিভাগের পঞ্চগড়ের ২টি এবং গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট ও নীলফামারীর ১টি করে প্রতিষ্ঠান রয়েছে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, তাদের আওতাধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল এবং ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী যেসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার্থী ভর্তি হচ্ছে না, সেগুলোর বিরুদ্ধেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে এসব প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন চিরতরে বাতিল বা প্রত্যাহার করে নেওয়া হতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বোর্ডের তালিকায় থাকা বগুড়ার আটটি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হলো মহানগরীর বনানী এলাকার বগুড়া টেকনোলজিকাল ইনস্টিটিউট, শিববাটি এলাকার কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কানুছগাড়ী এলাকার বগুড়া ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।

আরও পড়ুন

এ ছাড়া তালিকায় আরও রয়েছে শাকপালা এলাকার বগুড়া সেন্ট্রাল পলিটেকনিক ইনস্টিটিউট, শিববাটি এলাকার একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ইনস্টিটিউট, শেরপুর উপজেলার শেরউড পলিটেকনিক ইনস্টিটিউট, শালফা এলাকার শালফা টেকনোলজিকাল ইনস্টিটিউট এবং খেজুরতলা মাল্টিপারপাস অ্যান্ড হায়ার পলিটেকনিক।

ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এসব প্রতিষ্ঠানে দীর্ঘ সময় ধরে কোনো শিক্ষার্থী ভর্তি না হওয়ার কারণেই মূলত এই কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, তার সুনির্দিষ্ট ও লিখিত ব্যাখ্যা আগামী ১৮ জুনের মধ্যে বোর্ডের কাছে জমা দিতে বলা হয়েছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান সন্তোষজনক ও গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধে পরবর্তী চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এই কঠোর পদক্ষেপের আইনি ভিত্তি রয়েছে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২০-এর মধ্যে।

এই নীতিমালা অনুযায়ী, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো প্রতিষ্ঠান যদি তাদের পরীক্ষার ফলাফল, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক ও কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি গঠন, আসবাবপত্র, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং গ্রন্থাগারসহ অনুমোদনের অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হয়, তবে সরকারের অনুমতি সাপেক্ষে বোর্ড তাদের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করার পূর্ণ ক্ষমতা রাখে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াসহ উত্তরাঞ্চলের ৪০ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের প্রক্রিয়া শুরু

রংপুরের তারাগঞ্জে টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা মালিককের জরিমানা

নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলস্টেশনে যাত্রী দুর্ভোগ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ার ধুনটে হামলা চালিয়ে সাংবাদিককে মারপিট মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেফতার

ভিন্নধর্মী গল্পে প্রশংসায় ভাসছে বই পোকা